Sylhet Today 24 PRINT

দুইবার এগিয়ে গিয়েও ড্র পিএসজির

স্পোর্টস ডেস্ক |  ০৫ মে, ২০১৮

দুই-দুইবার এগিয়ে গিয়েই শেষপর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল পিএসজি। লিগ ওয়ানে আগেই শিরোপা নিশ্চিত করা উনাই এমেরির দল আমিয়াঁর বিপক্ষে মাঠ ছেড়েছে ২-২ গোলের ড্রয়ে। গত সপ্তাহে নিজেদের মাঠে গ্যাঁগোঁর সঙ্গেও ২-২ ড্র করেছিল পিএসজি।

শুক্রবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতে পিএসজির পারফরম্যান্স ছিল অগোছালো। তবে দ্রুত গুছিয়ে উঠে ২৬তম মিনিটে এগিয়ে যায় দলটি। অফসাইডের ফাঁদ ভেঙে হাভিয়ের পাস্তোরের পাস ধরে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এদিনসন কাভানি।

প্রথমার্ধে দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রেখে আক্রমণাত্মক খেলা পিএসজি বিরতির আগে আরও দুটি গোল পেতে পারতো। কাছ থেকে জিওভানি লো সেলসোর লক্ষ্যভ্রষ্ট শটের পর বিরতির খানিক আগে আনহেল দি মারিয়ার প্রচেষ্টা ঝাঁপিয়ে পাঞ্চ করে ফেরান গোলরক্ষক।

৪৭তম মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। নীচু শটে লক্ষ্যভেদ করেন তিয়েমোকো কোনাতে। ৬৪তম মিনিটে আবারও এগিয়ে যায় পিএসজি। থিয়াগো মোত্তার বাড়ানো বল ধরে ডি-বক্সের বাইরে থেকে উঁচু শটে গোলটি করেন ফরাসি মিডফিল্ডার ক্রিস্তোফা এনকুঙ্কু।

তবে ৮০তম মিনিটে কোত দি ভোয়ার ফরোয়ার্ড কোনাতের দ্বিতীয় গোলে জয়বঞ্চিত হয় স্বাগতিকরা।

লিগ ওয়ানের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ৯৬ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি পিএসজি গড়েছিল ২০১৫-১৬ মৌসুমে। চলতি লিগে ৩৬ ম্যাচে ২৯ জয় ও পাঁচ ড্রয়ে দলটির পয়েন্ট ৯২। বাকি দুই ম্যাচে ৫ পয়েন্ট পেলে নতুন রেকর্ড গড়বে তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.