Sylhet Today 24 PRINT

নেইমার নিয়ে যা বললেন নাসের আল খেলাইফি

স্পোর্টস ডেস্ক |  ১৪ মে, ২০১৮

স্প্যানিশ মিডিয়া যখন ব্রাজিলিয়ান তারকা নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন নিয়ে সরব তখন এনিয়ে মুখ খুলেছেন দলটির সভাপতি নাসের আল খেলাইফি। তিনি সাফ জানিয়ে দিলেন নেইমার পিএসজিতে আগামি মৌসুমেও থাকছেন।

কাতারের এই ব্যবসায়ী বললেন, ‘অবশ্যই এটা শতভাগ নিশ্চিত যে নেইমার আগামী বছরেও পিএসজির খেলোয়াড় হিসেবেই থাকবে।’

স্প্যানিশ সংবাদমাধ্যম কিছুদিন আগে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ট্রান্সফার মূল্য জানিয়ে দেয়। খেলাইফি জানান, ‘২০০০% নিশ্চিত’ যে নেইমার পিএসজিতেই থাকবেন।

লিগ ওয়ানে শনিবার রেঁনের কাছে ২-০ গোলে হারে পিএসজি। থিয়াগো মোত্তা ও কোচ উনাই এমেরির বিদায়ী উৎসবের আবহে সংবাদকর্মীরা নেইমার সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে জানতে চেয়েছিলেন খেলাইফির কাছে। পিএসজি সভাপতির জবাব, ‘এটা ২০০০ শতাংশ নিশ্চিত যে, সে (নেইমার) থাকতে চায়।’

খেলাইফির এমন জোর দিয়ে বলার কারণ নেইমার নিজেই। পিএসজির আগামি মৌসুমের জার্সি উন্মোচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘নতুন জার্সি পরে গর্বিত, সবাইকে আনন্দ দেওয়া ধরে রাখতে চাই।’

এদিকে, ফ্রান্সেরই সংবাদমাধ্যম ‘লা প্যারিসিয়ান’ কিছুদিন আগে জানায়, নেইমার এক নৈশভোজে তার পিএসজি সতীর্থদের কাছে প্যারিস ছাড়ার কথা জানিয়েছেন। এ ছাড়া চোট থেকে সেরে উঠতে ব্রাজিলে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার সময় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, ভিনিসিয়াস আসলে রিয়ালের হয়ে নেইমারের সঙ্গে কথা বলেছেন।

নেইমারের ট্রান্সফার নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমের মাতামাতিতে খেলাইফির প্রশ্ন, ‘কে বলে সে (নেইমার) এখানে থাকবে না? এ কথা কে বলেছে? কেউ না। স্প্যানিশ সংবাদমাধ্যম এখনো স্পেনের ক্লাবগুলোর হয়ে ফরাসি ক্লাবগুলোর বিরুদ্ধে কাজ করছে। কিন্তু ফরাসি সংবাদমাধ্যম কাদের হয়ে কাজ করছে তা আমি জানি না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.