Sylhet Today 24 PRINT

লিগ ওয়ানের বর্ষসেরা হলেন নেইমার

স্পোর্টস ডেস্ক |  ১৪ মে, ২০১৮

লিগ ওয়ানে বর্ষসেরার স্বীকৃতি পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

রোববার জমকালো এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। শ্রেষ্ঠত্বের দৌড়ে নেইমার পিছনে ফেলেছেন সতীর্থ এদিনসন কাভানিকে। লিগের বর্ষসেরা দলেও আছেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড।

গত আগস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে নাম লেখানো ব্রাজিলিয়ান তারকা ফেব্রুয়ারিতে ডান পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙার পর থেকেই মাঠের বাইরে। এর আগে লিগে ২০ ম্যাচে করেছেন ১৯ গোল, অবদান রেখেছেন ১৩টিতে।

বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়তে যাওয়া উনাই এমেরি।

‘বেস্ট হোপ অ্যাওয়ার্ড’ জিতেছেন কিলিয়ান এমবাপে আর মার্শেইয়ের স্টিভ মানদান্দা হয়েছেন সেরা গোলরক্ষক।

বর্ষসেরা একাদশে নেইমারসহ পিএসজির মোট সাতজন জায়গা পেয়েছেন। বাকিরা হলেন দানি আলভেস, মারকিনিয়োস, চিয়াগো সিলভা, মার্কো ভেরাত্তি, এমবাপে ও কাভানি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.