Sylhet Today 24 PRINT

আত্মবিশ্বাসী সালাহ বললেন ‘আমি যোদ্ধা’

স্পোর্টস ডেস্ক |  ২৮ মে, ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হাতে চোট পেয়ে বিশ্বকাপ খেলাটা অনিশ্চয়তার মধ্যে পড়া মোহাম্মদ সালাহ খেলার ব্যাপারে তার আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। সমর্থকদের ভালোবাসা ও সমর্থন তাকে শক্তি যোগাচ্ছে বলে জানান মিশরের এ ফুটবলার।

চোট এতোটাই মারাত্মক যে খোদ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ সালাহর বিশ্বকাপে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কিন্তু সালাহর কণ্ঠে যে অন্য সুর। ফিরে আসার প্রত্যয়।

বিশ্বকাপে খেলা নিয়ে আত্মবিশ্বাসী সালাহ বললেন—আমি যোদ্ধা। ভক্তদের উদ্দেশে বলতে চাই, ‘আপনাদের ভালোবাসা আমাকে শক্তি দেয়, প্রেরণা যোগায়। যেটা আমার খুব প্রয়োজন।’

এক টুইট বার্তায় মিসরীয় এই ফরোয়ার্ড নিজের চোট ও রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়ে বলেছেন, ‘সত্যি কঠিন একটা রাত পার করেছি, কিন্তু আমি যোদ্ধা। সংশয় আছে। তবুও আপনাদের গর্বিত করতেই রাশিয়ায় থাকা নিয়ে আমি আত্মবিশ্বাসী। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে শক্তি জোগাবে।’

আশায় আছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। আর মিসর জাতীয় ফুটবল দলের চিকিৎসক আবু আল-ওলা বলেছেন, ৪ জুন বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকবেন সালাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.