Sylhet Today 24 PRINT

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে পড়লেন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক |  ২৯ মে, ২০১৮

ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়লেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের বিপক্ষে ৩, ৫ ও ৭ জুন তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকাল দশটায় বাংলাদেশ দল ভারতের দেরাদুনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ম্যাচে বাম পায়ে আঘাত পাওয়ায় অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই টিম বাংলাদেশ আজ ভারতের উদ্দেশ্যে আজ বাংলাদেশ ছাড়লেও যাওয়া হয়নি মোস্তাফিজের।

তবে সোমবার (২৮ মে) রাতেই বিসিবি তরফ থেকে জানানো হয় ইনজুরির কারণে দলের সঙ্গে যাচ্ছেন না এই পেসার। মঙ্গলবার আরও পরীক্ষা নিরিক্ষা করে জানা যায়, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম মোস্তাফিজের ইনজুরির হালনাগাদ গণমাধ্যমকে জানান, ‘মোস্তাফিজের বাম পায়ের পাতায় একটা ফ্র্যাকচার ধরা পড়েছে। আমাদের মেডিকেল টিম পরীক্ষার পর জানিয়েছে অন্তত তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। দুই সপ্তাহ থাকবে সম্পূর্ণ বিশ্রামে। দুই সপ্তাহ পর শুরু হবে পুনর্বাসন।

এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ম্যাচে বাম পা দিয়ে বল ঠেকাতে গিয়ে ব্যথা পান মোস্তাফিজ। দেশে ফেরার পর সেখানে সামান্য সমস্যা দেখতে পান ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ। তবে চোট নিয়েই শনিবার মিরপুরে অনুশীলন ম্যাচ খেলেছিলেন তিনি। রোববার সংবাদ সম্মেলনে চোট গুরুতর নয় বলে জানিয়েছিলেন ওয়ালশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.