Sylhet Today 24 PRINT

গল্পটা নতুন করে লেখানোর সুযোগ দেখছেন সিলভা

স্পোর্টস ডেস্ক |  ৩১ মে, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে নিজেদের গল্পটা নতুন করে লেখানোর সুযোগ দেখছেন ব্রাজিলের ডিফেন্ডার চিয়াগো সিলভা।

তিনি বলেন, "আমরা এই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছি। প্রথমে দুঙ্গার অধীনে, এখন তিতের সঙ্গে- দুই বছরে আমরা উন্নতি করেছি।"

"আরও একটি বিশ্বকাপ খেলার এবং আমাদের গল্পটা নতুন করে লেখার সুযোগ পেয়েছি আমরা। আমরা শিরোপা জয়ের নিশ্চয়তা দিতে পারব না। তবে দারুণ কিছু ম্যাচের নিশ্চয়তা দিতে পারি।"

"আপনি দেখবেন, পরের ম্যাচটাতে আমরা দারুণ খেলব। আর বিশ্বকাপে দেখবেন দুর্দান্ত ফুটবল।"

নান্দনিক ফুটবলের জন্যে সারাবিশ্বে প্রশংসিত ব্রাজিল। বিশেষ করে ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী দলটির খেলার ধরন এখনও ফুটবলপ্রেমীদের মনে আছে।

আক্রমণভাগে নেইমার, ফিলিপে কৌতিনিয়ো, গাব্রিয়েল জেসুসের মতো দারুণ সব খেলোয়াড় নিয়ে ব্রাজিলের বর্তমান দলটাও অসাধারণ। তবে ব্রাজিলের আগের দলগুলোর সঙ্গে বর্তমান দলের তুলনা করতে নারাজ সিলভা।

"আমি মনে করি, প্রত্যেক প্রজন্মের তাদের নিজস্ব স্টাইল, ইতিহাস ও শিরোপা জয়ের কৃতিত্ব থাকে। আমরা ভিন্ন। আমি তুলনায় যেতে চাই না।…আমরা আমাদের লক্ষ্যগুলোতে পৌঁছানোর চেষ্টা করছি।"

"এখন আমরা প্রস্ততি নিচ্ছি। বিশ্বকাপের জন্য আরও বেশি প্রস্তুত হতে ও আত্মবিশ্বাস পেতে দুইটা প্রীতি ম্যাচ আছে আমাদের। বছরে বছরে আমরা আরও পরিপক্ব হয়ে উঠছি। আমাদের ফুটবলের উন্নতি হচ্ছে। আরও অভিজ্ঞতাও হচ্ছে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.