Sylhet Today 24 PRINT

\'রোনালদোর চেয়ে মেসিকে আটকানো কঠিন\'

স্পোর্টস ডেস্ক |  ০৩ জুন, ২০১৮

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে ঠেকানোর কোনও ছকই কাজে লাগে না। ডিফেন্ডারদের রাতের ঘুম হারাম করে ছাড়েন তারা।

তবে দুজনের মধ্যে একজনকে যদি বেছে নিতে হয়, তাহলে? এক্ষেত্রে অবশ্য স্কোদ্রান মোস্তাফির ভোট মেসির বাক্সে।

ক্লাবের হয়ে ২০১৭-১৮ মৌসুমটা দারুণ কাটিয়েছেন মেসি। সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ৪৫ গোল। ছন্দ ধরে রেখেছেন জাতীয় দলের হয়েও। গত বুধবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাইতির বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলের জয়ে করেন হ্যাটট্রিক।

২০১৬ সালে আর্সেনালে নাম লেখানোর আগে ভালেন্সিয়ায় ছিলেন মোস্তাফি। লা লিগার ক্লাবটির হয়ে মেসি ও রোনালদোর বিপক্ষে লড়ার অভিজ্ঞতা তার আছে। নিজের অভিজ্ঞতার আলোকে ২৬ বছর বয়সী খেলোয়াড় জানালেন, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো নয়, তার দেখা খেলোয়াড়দের মধ্যে বার্সেলোনা ফরোয়ার্ড মেসিই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।

"লিওনেল মেসি আমার কাছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। ভালেন্সিয়ার হয়ে আমি তার বিপক্ষে তিনবার খেলেছি। আপনি তার ব্যাপারে আগে থেকে কিছুই বলতে পারবেন না। সে ছোটখাটো হলেও খুব ক্ষিপ্র। ঘনঘন দিক বদলায়।"

মোস্তাফির মতে, ম্যাচে তিন জন মিলে মেসিকে আটকানোর চেষ্টা করলেও তাকে রোখা মুশকিল।

"রোনালদো ডি-বক্সে অনেকটা স্ট্রাইকারের মতো। মেসি ভালো কিছু পাসও দিতে পারে। সতীর্থদের আরও শক্তিশালী করে তোলে। আমার কাছে সে বিশ্বের সেরা খেলোয়াড়।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.