Sylhet Today 24 PRINT

আফগানদের ১৩৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০৫ জুন, ২০১৮

সিরিজে ফেরার ম্যাচ। হারলেই খোয়া যাবে সিরিজ। দেরাদুনে এমন ম্যাচে আফগানিস্তানকে ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।

এর আগে বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে সাজঘরে ফিরে যান লিটন দাস। তিনি মাত্র ১ রান করতে পারেন এ ম্যাচে। তার আউটের পরে ক্রিজে আসেন সাব্বির রহমান। তামিমের সঙ্গে ভালো শুরু করেন তিনি। কিন্তু নবী আক্রমণে এসে প্রথম বলেই সাব্বিরকে আউট করে দেন। সেনওয়ারির হাতে ক্যাচ দেন ৯ বলে ১৩ রান করে।

লিটন দাস এবং সাব্বির রহমানের আউটের পরে মুশফিক এবং তামিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দু'জনে মিলে ৪৫ রানের জুঁটি গড়েন। কিন্তু ১৮ বলে ২২ রান করে নবীর বলে ফিরে যান মুশফিকও। মাহমুদুল্লাহ ব্যাটে এসে প্রথম বলেই নবীকে ছক্কা দিয়ে শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত ৮ বলে ১৪ করে করিম জানাতের বলে বোল্ড হন তিনি। তার আউটের পরে ব্যাটে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু তার ইনিংস থেকে ৩ রানের বেশি আসেনি বাংলাদেশ দলের স্কোর বোর্ডে।

বাংলাদেশ দল ১৪.৪ বলে ১০০ রান পূর্ণ করে।  এই রানের অর্ধেকই আসে তামিমের ব্যাট থেকে। তিনি ৪৮ বলে ৪৩ রান করে রশিদ খানের বলে বোল্ড হয়ে ফিরে যান।

বাংলাদেশ এ ম্যাচে দুই পেসার নিয়ে নিয়ে মাঠে নামে। এর আগের ম্যাচে তিনজন পেসার ছিল বাংলাদেশ দলে। তাদের মধ্যে কেবল রুবেল আছেন এ ম্যাচে। আর আবুল হাসান এবং আবু জায়েদের পরিবর্তে পেস অলরাউন্ডার হিসেবে দলে ফিরেছেন সৌম্য সরকার। এছাড়া দলে আছেন পেসার আবু হায়দার রনি।     

টস জিতে ব্যাট নেওয়ার ব্যাপার বাংলাদেশ অধিনায়ক বলেন, 'এখানকার উইকেট নিয়ে আমাদের ধারণা আগের থেকে পরিষ্কার হয়েছে। আমরা প্রথমে ব্যাট করে ভালো স্কোর দাঁড় করাতে চাই।আমরা প্রথম ম্যাচে তিন বিভাগের কোনটিতেই ভালো করতে পারিনি। তবে  আমরা ঘুরে দাঁড়তে চাই। ভালো করার চ্যালেঞ্জটা এই ম্যাচে আমরা নিতে চাই।'  

আফগান অধিনায়ক আসগর স্টানিকজাই বলেন, 'টস কোন ব্যাপার না। আমরা তাদের ১৪০-৫০ এর মধ্যে আটকে রাখার চেষ্টা করবো। উইকেটে তেমন কোন পরিবর্তন নেই। প্রথম ম্যাচের মতোই আছে। আমরা দলে কোন পরিবর্তন না নিয়েই নামছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.