Sylhet Today 24 PRINT

রশিদ-সেনওয়ারির কাছে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুন, ২০১৮

ভারতের দেরাদুনে বাংলাদেশের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য মামুলি বানিয়ে জয়ের সাথে সাথে সিরিজ জিতে নিল আফগানিস্তান। মাত্র ৪ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে পৌঁছে গেল জয়ের প্রান্তে।

প্রথম ম্যাচে ৪৫ রানের হার উপহার দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে হার। আফগান বোলার রশিদ খান এবং নবীর কাছে ব্যাট হাতে হেরেছে বাংলাদেশ। আর বল হাতে হেরেছে শাহজাদ-সেনওয়ারির কাছে। তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আফগানরা সিরিজ জয় করে ফেলল। লিখে ফেলল ইতিহাস। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তারা পরপর চারটি টি২০ সিরিজ জয়ের রেকর্ড গড়ল।

১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই রানে থাকে আফগানিস্তানের ব্যাটসম্যানরা। ওপেনার মোহাম্মদ শাহজাদের ২৪ রান ও উসমান গনির ২১ রানে শক্ত শুরু পায় আফগানরা। ইনিংসের ৬ষ্ট ওভারে আবু হায়দার রনির বলে আউট হয়ে ফেরেন শাহজাদ। তবে ওয়ান ডাউনে নামা সামিউল্লাহ শেনওয়ারির সংগ বেশ খানিকটা এগিয়ে নেয় রান। ব্যক্তিগত ২১ রানে রুবেলের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উসমান। মাত্র ৪ রানে আউট হয়ে ফেরেন অধিনায়ক আসগর স্ট্যানিকজাই।

তবে শেনওয়ারির ব্যাটে জয়ের বন্দরে পৌছাতে তেমন কষ্টই করতে হয়নি আফগানিস্তানকে। রান কিছুটা আটকে দিয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করলেও ১৯ তম ওভারে রুবেল হোসেনের দেওয়া ২০ রানেই জয় পেয়ে যায় রশিদ খানরা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে নির্ধারিত ২০ ওভার খেললেও ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে আবু হায়দার রনির ব্যাটে কিছুটা সম্মানজনক স্কোর করতে পরে দলটি। ১৪ বলে ২ট ছক্কা ও এক চারে তৃতীয় সর্বোচ্চ ২১ রানে অপরাজিত থাকেন রনি। এর আগে দলীয় সর্বোচ্চ স্কোর করেন তামিম ইকবাল।

এদিন ম্যাচের শুরুতেই দলীয় দ্বিতীয় ওভারে শাপুর জাদরানের প্রথম বলেই মারতে গিয়ে রশিদ খানের ক্যাচে মাঠ ছাড়েন লিটন দাশ। ৩ বলে ১ রান করেন তিনি। আগের ওভারে টানা তিনটি চার মেরে দারুণ কিছুর সম্ভাবনা জাগিয়েছিলেন সাব্বির রহমান। কিন্তু পঞ্চম ওভারে মোহাম্মদ নবীর বলে উঁচিয়ে মারতে গিয়ে শেনওয়ারির ক্যাচ হন। ৯ বলে তিনটি চারে ১৩ করেন তিনি।

লিটন ও সাব্বিরে বিদায়ের পর ওপেনার তামিম ইকবালের সঙ্গে দারুণ জুটি গড়েন রানের চাকা এগিয়ে দেন মুশফিকুর রহিম। তবে দলীয় দশম ওভারে নবীর বলে উইকেট যেন বিলিয়ে দেন মুশি। এগিয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিং হন তিনি। ১৮ বলে একটি চার ও সমান ছক্কায় ২২ রান করেন তিনি। পরে ৮ বলে ১৪ রান করে মাহমুদউল্লাহও বিদায় নেন। করিম জানাতের শিকার হন তিনি।

১৬তম ওভারের প্রথম বলে রশিদ খানের শিকার হন সাকিব আল হাসান। ব্যক্তিগত ৩ রান করেন তিনি। একই ওভারের চতুর্থ বলে তামিম ইকবালকে বোল্ড করেন এই তারকা। ৪৮ বলে ৫টি চারের সাহায্যে দলীয় সর্বোচ্চ ৪৩ করেন তামিম। পরের বলেই মোসাদ্দেক হোসেনকে শূন্য রানে এলবির ফাঁদে ফেলে ওভার হ্যাটট্রিক করেন রশিদ। রশিদ প্রথম দুই ওভারে মাত্র ৯ রান দেয়ার পর তৃতীয় ওভারে উইকেট নিতে শুরু করেন।

আফগান বোলারদের মধ্যে রশিদ ৪ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। নবী ৪ ওভারে ১৯ রানে নেন ২টি উইকেট। এছাড়া একটি করে উইকেট পান শাপুর জানাত ও করিম জানাত। রশিদ খান একাই ৪ উইকেট তুলে নেন।

এর আগে মঙ্গলবার (৫ জুন) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। ভারতের দেরাদুনে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামে দু’দল।

প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪৫ হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই নেমেছে রশিদ-নবীরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ একই স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার (জুন ৭)  বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই মুখ রক্ষার।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: (লক্ষ্য ১৩৫) ১৮.৫ ওভারে ১৩৫/৪ (শাহজাদ ২৪, গনি ২১, শেনওয়ারি ৪৯, স্টানিকজাই ৪, নবি ৩১*, শফিকুল্লাহ ০*; নাজমুল ০/১৪, সাকিব ০/৩৭, রুবেল ১/৩৮, আবু হায়দার ১/১৪, মাহমুদউল্লাহ ০/৯, মোসাদ্দেক ২/২১)

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৪/৮ (লিটন ১, তামিম ৪৩, সাব্বির ১৩, মুশফিক ২২, মাহমুদউল্লাহ ১৪, সাকিব ৩, সৌম্য ৩, মোসাদ্দেক ০, আবু হায়দার ২১*, নাজমুল ৬*; মুজিব ০/১৫, শাপুর ১/৪২, নবি ২/১৯, জানাত ১/৪০, রশিদ ৪/১২)

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.