Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ উন্মাদনা দেখতে আসছেন তিন ব্রাজিলিয়ান সাংবাদিক

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৮

বাংলাদেশিদের বিশ্বকাপ উন্মাদনা দেখতে ঢাকা আসছেন তিন ব্রাজিলিয় সাংবাদিক। আগামি ১৫ জুন তাদের ঢাকায় আসার কথা রয়েছে।

ব্রাজিলের বিখ্যাত ‘গ্লোবো’ টেলিভিশন চ্যানেলের এই তিন সাংবাদিক বাংলাদেশে এসে সেদেশের গণমাধ্যমের মাধ্যমে ব্রাজিলীয়দের জানাবেন, দূরে থাকা একটি দেশের মানুষ নেইমার-জেসুস কিংবা মেসি-হিগুয়েইনদের কতটা ভালোবাসে।

ব্রাজিলীয় সাংবাদিকদের আসার খবরটি দিয়েছেন ঢাকাস্থ ব্রাজিলীয় দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জুলিও সিজার সিলভা।

ঢাকাসহ কয়েকটি জেলা ঘুরে ২৫ জুন রাশিয়া চলে যাবেন তারা। সফরকালে এই তিন সাংবাদিক নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার 'ব্রাজিল বাড়ি'-তেও যাবেন। গত রোববার ব্রাজিল বাড়ির মালিক জয়নাল আবেদিন টুটুল ব্রাজিল দূতাবাসে গেলে ব্রাজিলিয় সাংবাদিক সহ তার বাড়ি ভ্রমণের কথা জানিয়েছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত।

টুটুল জানান, স্ত্রীসহ ব্রাজিলের রাষ্ট্রদূত আমার বাসায় আসতে চেয়েছেন। ব্রাজিল বাড়ি পরিদর্শনের কালে তাদের সঙ্গে ব্রাজিলের একটি প্রতিনিধিদল ও দেশটির একটি নিউজ চ্যানেলও থাকবে বলে জানিয়েছেন।

নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার বাসিন্দা টুটুল ২০১০ বিশ্বকাপের চলাকালীন প্রথম বাড়িটি সাজিয়েছিলেন ব্রাজিলের পতাকার আদলে। সে সময় বাড়িটি ছিলো দোতলা। পরে ৬ তলা উঠিয়ে পুরোটাই ব্রাজিল রঙে রাঙিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.