Sylhet Today 24 PRINT

আর্জেন্টিনাকে শিরোপা উল্লাসে মাতাতে চান রোজো

স্পোর্টস ডেস্ক |  ০৭ জুন, ২০১৮

আর্জেন্টিনা শেষবারের মতো বড় কোনো প্রতিযোগিতার শিরোপা জিতেছিল ২৩ বছর আগে। ১৯৯৩ সালে আর্জেন্টিনার ট্রফি কেসে উঠেছিল কোপা আমেরিকা শিরোপা। তার পর থেকে শুধু ব্যর্থতা আর হাহাকারই সঙ্গী হয়েছে দুবারের বিশ্বকাপজয়ীদের।

এবার সেই শিরোপা-খরা ঘোচানোর জন্য মরিয়া হয়ে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর সেই পালে হাওয়া দিয়ে আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মার্কোস রোহোও চান আর্জেন্টিনাকে শিরোপা উল্লাসে মাতাতে।

ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটকে রোজো এমনটিই জানিয়েছেন।

রোজো বলেন, ‘আর্জেন্টিনার জার্সি গায়ে দেয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং যে কোন আর্জেন্টিনিয়ানের জন্যই এটি একটি বড় ব্যাপার। আমরা আসলেই শার্টটিকে অনুভব করতে পারি এবং আমাদের রঙগুলোকে রক্ষা করি। আমরা যখন এটি পরিধান করি তখন আমরা আমাদের সর্বোচ্চটাই দেই এবং আমরা গত বিশ্বকাপে আমাদের সাথে হওয়া ঘটনা গুলোর প্রতিশোধ চাই। আমরা আমাদের সমর্থকদের ট্রফি উদযাপনের সুযোগ করে দেয়ার জন্য সবকিছু করবো।’

এছাড়া বরাবরের মতো এবারো বিশ্বকাপে নাইজেরিয়ার সাথে দেখা হচ্ছে আর্জেন্টিনার। ২০১৪ বিশ্বকাপে এ নাইজেরিয়ার বিপক্ষেই রোহো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করেছিলেন। এছাড়াও আর্জেন্টিনার অন্য দুই গ্রুপ প্রতিপক্ষেরা হচ্ছে আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া। তাদের নিয়ে রোহো বলেন, ‘আবারো নাইজেরিয়া! আমি মনে করি এ নিয়ে তিন অথবা চারবার আমরা নাইজেরিয়ার সাথে একই গ্রুপে পড়েছি। এবার সেখানে ক্রোয়েশিয়া আর আইসল্যান্ডও রয়েছে। এটি একটি কঠিন গ্রুপ হবে।’

এসময় লিওনেল মেসিকে নিয়ে জিজ্ঞেস করা হলে রোজো বলেন, ‘আশা করি লিওনেল মেসি বিশ্বকাপে ফর্মে থাকবে এবং আমাদের জন্য কিছু করতে পারবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.