স্পোর্টস ডেস্ক | ০৭ জুন, ২০১৮
বিশ্বকাপে নিজের দেশকে নিয়ে আশাবাদী আয়োজক দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও স্পেন বিশ্বকাপ জয়ের সম্ভাব্য দাবিদার বলে মনে করছেন রাশিয়া প্রেসিডেন্ট।
বিশ্বকাপের ১০০ দিন বাকি থাকতে ফিফার এক প্রচারমূলক ভিডিওতে অংশ নিয়েছিলেন ভ্লাদিমির পুতিন।
চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বেছে নিয়েছেন তার চার ফেবারিট দল—আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও স্পেন।
এর ব্যাখ্যায় পুতিন বলেন, ‘এটা কঠিন প্রশ্ন (কে জিতবে বিশ্বকাপ?) বেশ কিছু প্রতিদ্বন্দ্বী দল আছে। লাতিন আমেরিকা থেকে যেমন ব্রাজিল ও আর্জেন্টিনা। আগের বিশ্বকাপে জার্মানি খুব ভালো করেছে এবং স্পেনও সুন্দর ফুটবল খেলে থাকে। আরও কিছু প্রতিদ্বন্দ্বী দলও আছে কিন্তু জিতবে সেরা দলটাই।’
রাশিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স কিন্তু ভালো নয়। সর্বশেষ সাত ম্যাচে তারা জয় পায়নি। কিন্তু পুতিন আশাবাদী, ‘দুঃখজনকভাবে আমাদের দল সাম্প্রতিক সময়ে ভালো করতে পারেনি। কিন্তু আমরা সবাই রাশিয়াকে নিয়ে আশাবাদী। বিশ্বকাপে দল সুন্দর ও আধুনিক ফুটবল খেলবে।’