Sylhet Today 24 PRINT

হোয়াইটওয়াশের শঙ্কা নিয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০৭ জুন, ২০১৮

আফগানিস্তানের সামনে ইতিহাস গড়ার হাতছানি। অন্যদিকে, বাংলাদেশের সামনে লজ্জাজনক হোয়াইটওয়াশ হওয়ার ভয়। ইতিহাস অবশ্য আগেই গড়েছে মোহাম্মদ নবির দল। ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে তারা। এর আগে প্রথম ম্যাচও আফগানরা জিতে নেয় ৪৫ রানে। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে জিম্বাবুয়ের বাইরে অন্য কোনো দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে আফগানরা।

বৃহস্পতিবার (৭ জুন) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। টানা দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে এরইমধ্যে এই সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে আফগানরা। বিশেষ করে রশিদ খানের কাছে রীতিমত অসহায় মনে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। দুই ম্যাচেই তাকে যেন দুর্বোধ্য বোলার মনে হয়েছে যাকে মোকাবেলা করার মতো সাহসই নেই বাংলাদেশের কোন ব্যাটসম্যানের।

নতুনদের নিয়ে যে ভরসা করা হয়েছিলো তাও কাজে দেয়নি। সুযোগ পেয়েও নিজেদের প্রমাণ করতে ব্যর্থ তরুণ লিটন দাস, আবুল হাসান, আবু যায়েদের মতো তরুণরা। রুবেল হোসেন ডেথ ওভারে তার কার্যকারিতা হারিয়েছেন। তাকে সঙ্গ দেয়ার মতোও কেউ নেই।

অন্যদিকে একের পর এক সুযোগ পেয়েও নিজেদের ফর্ম ফিরে পেতে ব্যর্থ সৌম্য সরকার ও সাব্বির রহমান। অভিজ্ঞদের মধ্যেও দেখা যাচ্ছে ফর্মহীনতা। বিশেষ করে অধিনায়ক সাকিব যেন আইপিএল থেকে ফিরে নিজেকে হারিয়ে ফেলেছেন। বল হাতে প্রথম ম্যাচে তবু এক উইকেট পেয়েছিলেন। পরের ম্যাচে তাকেই বেশি টার্গেট করেছেন আফগান ব্যাটসম্যানরা।

ব্যাট হাতেও সাকিব খুবই বাজে অবস্থায় আছেন। দুই ম্যাচেই তাকে ব্যাট হাতে দায়িত্বজ্ঞানহীন শট খেলতে দেখা গেছে। অধিনায়ক সাকিবও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বোলিং পরিবর্তন, ব্যাটিং অর্ডার ঠিক করা কিংবা গুরুত্বপূর্ণ মুহূর্তে বিশেষ পরিবর্তন বেশ দৃষ্টিকটু মনে হয়েছে। সব মিলিয়ে পুরো দলটিই যেন দুঃসময়ের সাগরে হাবুডুবু খাচ্ছে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের জানা নেই যেন। ব্যাট হাতে আফগানদের তেমন বিধ্বংসী হয়ে উঠতে দেখা না গেলেও প্রয়োজনে হাত খুলে ভয়ডরহীন ব্যাটিং করতেও কার্পণ্য করেন নি নবী-শাহজাদরা। দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা আফগানদের হাতে তাই দলে পরিবর্তন এনে পরীক্ষা-নিরীক্ষা করার বিলাসিতা করার সুযোগ আছে।

শেষ ম্যাচে জিততে হলে সাকিবদের নিজেদের ‘টাইগার’ পরিচয়ের কথা মনে রাখতে হবে। কোথায় হারিয়ে গেলো মাঠের সেই উদ্দাম গর্জন, জয়ের অদম্য স্পৃহা? জয়ের জন্য যে প্যাশন, সাহস থাকা দরকার তার কোনটাই এই দলে উপস্থিত নেই। শেষ ম্যাচে হারলে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হবে। অন্তত এই ম্যাচে একসাথে জ্বলে উঠতে হবে সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের।

তরুণদের উপর ভরসা করে কোন লাভ হবে কি না সেটাই এক বিশাল প্রশ্ন। বাংলাদেশ দলের সাইড ব্যাঞ্চ এতোই দুর্বল যে ভবিষ্যৎ নিয়েই সংশয় দেখা দিয়েছে। এমতাবস্থায় আস্থা ফেরাতে একটা জয় খুব করেই দরকার। পারবেন তো সাকিবরা?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.