Sylhet Today 24 PRINT

শাস্তি পেলেন রুবেল

স্পোর্টস ডেস্ক |  ০৭ জুন, ২০১৮

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং করার সময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় আইসিসির ভর্ৎসনা পেয়েছেন রুবেল হোসেন। সঙ্গে পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট।

১৮টি ওভারের চেষ্টা বৃথা গেল রুবেল হোসেনের এক ওভারেই। ১৯তম ওভারে দিলেন ২০ রান, ম্যাচটা শেষ ওভারেও গড়াল না। আবারও ডেথ ওভারে বাজে বোলিং করে দলকে ডোবালেন রুবেল।

সামিউল্লাহ শেনওয়ারির বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন করে বাংলাদেশ। তাতে আম্পায়ার সাড়া না দিলে প্রতিক্রিয়ায় হাত ছুড়ে, আম্পায়ারের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন রুবেল। মিড অফে ফিল্ডিং করা সৌম্য সরকার পর্যন্ত রুবেলকে বোঝান, এভাবে প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই।

ম্যাচের পর রুবেল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করলে ন্যূনতম ভর্ৎসনা ও সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক অথবা দুটি ডিমেরিট পয়েন্টের বিধান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.