Sylhet Today 24 PRINT

প্ল্যাস্টিক ব্যাগের জার্সি পড়া সেই শিশুটির সঙ্গে মেসির দেখা স্পেনে

স্পোর্টস ডেস্ক |  ০৯ জুন, ২০১৮

মেসির জার্সি কিনে দিতে বাবাকে বলছিল মুর্তজা। কিন্তু, অভাবের সাথে প্রতিনিয়ত লড়াই করে যাওয়া গরীব বাবা পাঁচ বছরের শিশুটির আবদার মেটাতে পারেন নি। পরে বড় ভাই হুমায়ুন ছোট ভাইয়ের আবদার মিটিয়েছিল প্ল্যাস্টিক ব্যাগ দিয়ে জার্সি বানিয়ে। আকাশী-সাদা জার্সিটির পিছনে লেখা হলো ‘মেসি ১০’। ছোট ভাইয়ের সেই প্ল্যাস্টিকের জার্সি গায়ে ফুটবল খেলার ছবি ফেসবুকে দিয়েছিল হুমায়ুন। এরপরের গল্পটা এখন সবারই জানা...

‘ফুটবলের সবচেয়ে দুঃখজনক জার্সি গায়ে ছোট্ট বালক’ এমন শিরোনামে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মর্তুজার ছবিটি। লিওনেল মেসিকে আফগান শিশুটি প্রথম দেখেছিল তাঁদের সৌর-বিদ্যুতে চলা টিভিতে। এরপর থেকেই মেসির বিশাল ভক্ত সে। আর তাই তো প্রিয় খেলোয়াড়ের নাম লেখা জার্সি পড়তে উদগ্রীব ছোট্ট মর্তুজা। তবে মর্তুজার ছবিটি দেখার পর তাঁর মতই উদগ্রীব লিওনেল মেসিও! নিজের সবচেয়ে বড় ভক্তটির সাথে তাই খুব শীঘ্রই দেখা করছেন পৃথিবীর সেরা ফুটবলার।

লিওনেল মেসির সাথে মর্তুজার দেখা করার ব্যবস্থা করছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন ও ‘লিও মেসি’ নামক দাতব্য প্রতিষ্ঠান। তবে পিচ্চি মর্তুজার সাথে মেসি দেখা করবেন কোথায়, আফগানিস্তান নাকি স্পেন? এমন প্রশ্নের উত্তরে আয়োজকরা জানালেন সপরিবারে স্পেন নিয়ে যাওয়া হবে মর্তুজাকে। এদিকে মেসির সবচেয়ে বড় ভক্তটিকে ভিসা দেয়ার জন্য স্পেনের দূতাবাসও প্রস্তুত বলে জানিয়েছেন আফগানিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি। তিনি আরো জানিয়েছেন, মেসির সাথে দেখা করার স্থান, সময় সবকিছু ঠিক করতে তাঁরা সরাসরি বার্সেলোনার সাথেই যোগাযোগ করছেন।

মর্তুজার প্ল্যাস্টিক ব্যাগের জার্সি পড়া ছবিটি দেখার পর তাঁকে খুঁজতে বিশ্বজুড়ে প্রচার অভিযান হয়েছিল। এরপরই জানা যায় আফগানিস্তানের গজনী প্রদেশে বাস করে মর্তুজা ও তাঁর পরিবার। বহুল আলোচিত ছোট্ট ভক্তটির সাথে দেখা করতে উদগ্রীব মেসি ও তাঁর সতীর্থরা। অন্যদিকে প্রিয় খেলোয়াড়কে সামনে থেকে দেখার সুযোগ পেয়ে খুশি  মর্তুজাও। “খুব উত্তেজিত ছিলাম যখন দেখলাম তাঁর ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ছিল আর বিভিন্ন মিডিয়া লেখালেখি করছিল। সে খুবই মিষ্টি এবং ফুটবল অনেক পছন্দ করে। সে মেসি ও রোনালদো দু’জনকেই পছন্দ করে। তবে মেসিকে একটু বেশি। সে জানতে পেরেছে যে মেসির সাথে তাঁর দেখা করার ব্যবস্থা করা হয়েছে। আর তাই সে স্বপ্নের নায়ককে দেখতে অনেক খুশি ও উত্তেজিত। আমরা সবাই খুব খুশি হব”, মর্তুজার আনন্দের গল্পটা বলছিলেন দাতব্য প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা।

গত সপ্তাহে আফগান শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল কাবুলে অবস্থিত জাতীয় ফুটবল স্টেডিয়ামে। সেখানে ফুটবল নিয়ে মাঠে নেমেছিল পিচ্চি মর্তুজা। তাঁকে দেয়া হয়েছিল বার্সেলোনার নতুন জার্সি ও জুতা। কিন্তু, নতুন জামার উপরই প্ল্যাস্টিকের জার্সি পড়ে নিয়েছিল এই পাঁচ বছর বয়সী শিশু। হয়ত নতুন জার্সির চেয়ে বেশি প্রিয় ‘মেসি’ লেখা সেই প্ল্যাস্টিকের জার্সিটিই। হবেই বা না কেন? এই জার্সির কারণেই তো আজ সে মেসির সাথে দেখা করার সুযোগ পেল!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.