সিলেটটুডে ডেস্ক | ১০ জুন, ২০১৮
প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে ভারত বধে নতুন ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে আগের ৬ বার শিরোপা জেতা ভারতকে হারাতে বাংলার মেয়েদের প্রয়োজন ১১৩ রান।
রোববার (১০ জুন) কুয়ালালামপুরের কিনরানা ওভাল স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করেছে ভারত। অপরাজিত ভারতীয় দলের অধিনায়ক হারমানপ্রিত কৌরর ব্যাট থেকেই এসেছে ৫৬ রান।
বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারতীয়রা। ইনিংসের ৪র্থ ওভারে রানআউটের মাধ্যমে প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ। নাহিদা আকতারের দুর্দান্ত থ্রো’তে ৭ রান করে ফেরেন স্মৃতি মান্ধানা। রানের চাকা থামিয়ে দেন সালমা-নাহিদারা।
ইনিংসের ৭ম ওভারে দীপ্তি শর্মাকে সরাসরি বোল্ড করে সাজঘরের পথ দেখান জাহানারা আলম। পরের ওভারেই মিথালি রাজকে ফারজানা হকের হাতে ক্যাচে পরিণত করেন খাদিজা তুল কুবরা। তার এক ওভার পরে উইকেটরক্ষক শামীমা সুলতানার থ্রো ইচ্ছাকৃতভাবে থামিয়ে আউট হন অনুজা পাতিল।
পঞ্চম উইকেটে প্রাথমিক ধাক্কা সামাল দেন অধিনায়ক হারমানপ্রিত এবং ভেদা কৃষ্ণামুর্থি। ১৩তম ওভারে কৃষ্ণামুর্থিকে সরাসরি সরাসরি বোল্ড করে জুটি ভাঙেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। অপর প্রান্তে বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে খেলতে থাকেন হারমানপ্রিত।
অষ্টম উইকেটে অভিজ্ঞ ঝুলান গোস্বামিকে নিয়ে ৩৩ রানের জুটি গড়েন হারমানপ্রিত। আউট হওয়ার আগে ১১ রান করেন ঝুলান। ইনিংসের শেষ বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হারমানপ্রিত। ক্যারিয়ারের ৫ম হাফ সেঞ্চুরিতে ৫৬ রান করেন তিনি। ভারতের ইনিংস থামে ৯ উইকেটে ১১২ রানে।
বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন রোমানা আহমেদ এবং খাদিজা তুল কুবরা। এছাড়া ১টি করে উইকেট নেন সালমা খাতুন এবং জাহানারা আলম।
চলতি এশিয়া কাপ সিরিজের গত ৪টি ম্যাচ টানা জিতেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। তাই আত্মবিশ্বাস আর শিরোপা জয়ের লক্ষেই আজ মাঠে নেমেছে তারা।