Sylhet Today 24 PRINT

ইতিহাস গড়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুন, ২০১৮

যেখানে ভারত থেকে চরম হতাশা নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সেখানে মালয়েশিয়া নারী ক্রিকেটাররা বয়ে নিয়ে এলো বাংলাদেশের জন্য দারুণ এক সু-সংবাদ। যেখানে আফগানিস্তানের মত দলের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়তে হয়েছিলো ছেলেদের। সেখানে বাংলার মেয়েরা তৈরি করলো এক গৌরবোজ্জল ইতিহাস।

২১ বছর আগে মালয়েশিয়ায় আইসিসি ট্রফি জিতে নতুন উচ্চতায় উঠেছিল বাংলাদেশের ক্রিকেট। সেই মালয়েশিয়াতেই রচিত হলো আরেকটি ইতিহাস। আগের সব আসরের চ্যাম্পিয়ন, প্রবল পরাক্রমশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ক্রিকেটে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা।

এর আগে এশিয়া কাপে তীরের কাছে গিয়েও কূলের দেখা পায়নি ছেলেরা। অথচ প্রথমবার ফাইনালে গিয়ে অবিশ্বাস্য এক অর্জন করে দেখালো মেয়েরা। অসাধারণ এক জয়ে এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ।

কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ভারতীয় মেয়েদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন।

তবে বাংলাদেশি নারীদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। টি-টোয়েন্টির ফরম্যাটের এ ম্যাচে ইনিংসের শেষ বলে সর্বোচ্চ ৫৬ রান করা ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌরকে আউট করেন খাদিজাতু কুবরা। ৪২ বলে ৭টি চারে নিজের ইনিংস সাজান কৌর। পরে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করতে পারে ভারত।

১১ রান করা ভারতের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসমস্যান মিতালি রাজকে এর আগে বিদায় করেন খাদিজাতুল কুবরা। জাহানারা আল ফেরান দিপ্তি শর্মাকে। স্মৃতি মানধানা রান আউট হন। তবে অর্জুন পাতিল অবসট্রাকিং দ্য ফিল্ড হয়ে আউট হন।

বাংলাদেশি বোলারদের মধ্যে দুটি করে উইকেট লাভ করেন খাদিজা ও রুমানা আহমেদ। এছাড়া সালমা ও জাহানারা একটি করে উইকেট দখল করেন।

১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করে বাংলাদেশের মেয়েরা। সপ্তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট হারালেও জয়ের পথেই ছিলেন রুমানারা।

এক পর্যায়ে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৯ রান, যা শেষ বলে নেমে আসে দুই রানে। জাহানারা আলম শেষ বলে ঠিক দুই রান নিয়েই দলের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন নিগার সুলতানা। এছাড়া রুমানা আহমেদ ২৩, আয়েশা রহমান ১৭, শামীমা সুলতানা ১৬ ও ফারজানা হক ১১ রান করেন।

ভারতের পক্ষে পুনম যাদব ৯ রানে ৪টি উইকেট নেন। এছাড়া হারমানপ্রীত কাউর নেন ১৯ রানে দুটি উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.