Sylhet Today 24 PRINT

টাইগ্রেসদের জয়ে টাইগারদের ড্রেসিংরুমে উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক |  ১০ জুন, ২০১৮

দুইবার এশিয়া কাপের ফাইনালে গিয়েও শিরোপা জিততে পারেনি টাইগাররা। সালমা-রুমানারা সাকিব-তামিমদের সেই অতৃপ্তি ঘুচিয়েছেন ভারতকে হারিয়ে। নারীদের এই ঐতিহাসিক জয়ের মূহুর্তে ড্রেসিংরুমে উল্লাসে ফেটে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

এই উল্লাসের ভিডিও চিত্রটি ফেসবুকে পোস্ট করেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল।

শেষ বলে যখন বাংলাদেশের প্রয়োজন ছিল দুই রান, জাহানারা আলম ছুটে চলেছেন। টেলিভিশনে বিস্ফোরিত চোখ রেখে হাততালি দিয়ে চলেছেন তামিম ইকবাল। মনের উত্তেজনা ফুটে উঠছে তার চোখেমুখে। মুখে দুই রান... দুই রান বলেই চলেছেন।

শেষ ওই বলে দুই রান নিশ্চিত হতেই হাততালির সঙ্গে লাফিয়ে উঠলেন তামিম। শুধু তামিম নয় মাশরাফী বিন মোর্তোজা, সৌম্য সরকার থেকে শুরু করে সব টাইগারই নেচে উঠলো টাইগ্রেসদের অর্জনে। জাহানারা আলমের ব্যাটে ২ রানেই নিশ্চিত হলো ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের এশিয়া জয়। এশিয়া কাপের ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে প্রথমবারের মতো মাটিতে নামিয়ে আনলেন টাইগ্রেসরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.