Sylhet Today 24 PRINT

বিশ্বকাপের উদ্বোধনী আসর মাতাবেন যাঁরা

স্পোর্টস ডেস্ক |  ১১ জুন, ২০১৮

আর মাত্র তিনদিন। এর পরই শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অব দ্য আর্থ’ রাশিয়া ফুটবল বিশ্বকাপ। যেহেতু ‘গ্রেটেস্ট শো’ তাই সেই আসরের উদ্বোধন অনুষ্ঠানটাও জমাট হবে, সেটা নিয়ে সন্দেহ নেই।

কেবল বিশ্বকাপ ফুটবলই নয়, এটির উদ্বোধনী অনুষ্ঠানও হয় জমজমাট। এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কেবল গায়ক-নৃত্যশিল্পীদেরই পারফরম্যান্স থাকছে না, চমক হিসেবে থাকছে সাবেক কিংবদন্তি ফুটবলারও।

রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে লুঝনিকি স্টেডিয়ামে। উপস্থিত থাকবেন পপশিল্পী রবি উইলিয়ামস, স্বাগতিক রাশিয়ার শিল্পী আইদা গারিফুলিনা ও ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো।  সঙ্গে থাকবে নাচ আর আতশবাজি।

ফিফা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ‘গ্লোবাল মিউজিক আইকন’ খ্যাত রবি উইলিয়াস। রাশিয়ার জাতীয় স্টেডিয়ামটিতে একসঙ্গে প্রায় ৮০ হাজার লোক বসে দেখতে পারেন।

স্টেডিয়ামের এই বিপুল দর্শক ছাড়াও বিশ্ব মাতবে রবির সংগীতের তালে।  উইল স্মিথ ও নিকি জ্যামের গাওয়া টুর্নামেন্টের অফিশিয়াল থিম সং ‘লিভ ইট আপ’ দিয়ে শুরু হবে অনুষ্ঠানের।

পরিবেশনায় অংশ নেবেন রাশিয়ার ক্লাসিক্যাল গায়িকা (সোপ্রানো) আইদা গারিফুলিনাও। রাশিয়ার মাটিতে হওয়া টুর্নামেন্টের এবারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ব্রাজিলের দুইবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি খেলোয়াড় রোনালদো।

এক প্রতিক্রিয়ায় রবি উইলিয়ামস বলেন, রাশিয়ায় এক অসাধারণ পরিবেশনা নিয়ে আমি খুবই আনন্দিত এবং আমার মধ্যে খুবই উত্তেজনা কাজ করছে। জীবনে অনেক জায়গায় পারফর্ম করেছি, ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ৮০ হাজার ফুটবল ফ্যান ও  কোটি কোটি বিশ্ববাসীর সামনে পারফর্ম আমার শৈশবের স্বপ্ন। এবার সেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে।

‘আমি মনোমুগ্ধকর ও স্মরণীয় অনুষ্ঠান দেখতে আমি দর্শকদের স্টেডিয়ামে আসার আহ্বান জানাচ্ছি। আর বাকিদের বলছি তারা যেনো শোর আগেই স্মরণীয় মুহূর্তটি দেখতে আগে থেকেই টিভি টিউন করে রাখেন।’

খবরে বলা হয়েছে, লুঝনিকি স্টেডিয়ামের পাশাপাশি একই সময় মস্কোর রেড স্কয়ারেও বিশ্বকাপ উপলক্ষে কনসার্ট আয়োজন করা হয়েছে। সেখানে থাকবে বর্ষীয়ান স্প্যানিস শিল্পী প্ল্যাসিদো দোমিংগো ও খন দিয়েগো ফ্লোরেজের পরিবেশনা।

শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০১৮ এর প্রথম ম্যাচ। স্বাগতিক রাশিয়া সৌদি আরবের মুখোমুখি হবে। এই মাঠেই এবারের বিশ্বকাপের চূড়ান্ত পর্ব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.