Sylhet Today 24 PRINT

সালাহকে নিয়ে এখনো ‘অনিশ্চয়তা’

ক্রীড়া প্রতিবেদক |  ১২ জুন, ২০১৮

মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহর বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

লিভারপুলের জার্সি গায়ে খুব অল্প সময়ের মধ্যেই আলো ছড়িয়েছেন মোহাম্মদ সালাহ। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে ভর করেই লিভারপুল চলে এসেছিল চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। জাতীয় দলের হয়েও সালাহ ছিলেন দারুণ সফল। ২৮ বছর পর মিসর সুযোগ পেয়েছে বিশ্বকাপের মঞ্চে আসার। সেটারও প্রধান কারিগর ছিলেন এই সালাহ।

কিন্তু আসল লড়াইয়ের মঞ্চে তিনি নামতে পারবেন কি না, তা নিয়ে আছে সংশয়-শঙ্কা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সালাহ হাতে ব্যথা পান। বল দখলের লড়াইয়ে রামোস তাকে মার্কে রাখতে গিয়ে হাতের ভেতর হাত ঢুকিয়ে দেন। দুজনই মাটিতে পড়ে যান। সালাহর হাতে তখন মোচড় লাগে। কিছুক্ষণ খেলা চালিয়ে গেলেও বেশিক্ষণ থাকতে পারেননি। খেলতে চাওয়ার অদম্য ইচ্ছা বিসর্জন দিয়ে ৩১তম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাঁধে যে চোটটা পেয়েছিলেন, তা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এই মিসরীয় তারকা। ফলে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচটা হয়তো মিসরকে খেলতে হতে পারে দলের সেরা তারকাটিকে ছাড়াই। মিসরের ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক ইহাব লেহিতা বলেছেন, ‘সে ক্রমাগত উন্নতি করছে। কিন্তু সে প্রথম ম্যাচটি খেলতে পারবে কি না, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না। এখন শুধু এটুকুই বলতে পারি যে আমরা আশা করছি, সে এই ম্যাচে খেলবে।’

মিশর এবার গ্রুপ ‘এ’তে খেলবে। আগামী ১৫ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিসরের বিশ্বকাপ মিশন। উরুগুয়ে ছাড়া তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং স্বাগতিক রাশিয়া। তাদের প্রথম ম্যাচ ১৫ জুন, বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।  ১৯ ও ২৫ জুন গ্রুপ পর্বের ম্যাচে মিসর খেলবে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের বিপক্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.