Sylhet Today 24 PRINT

\'বিশ্বকাপ না জিতলেও মেসি সেরা\'

স্পোর্টস ডেস্ক |  ১২ জুন, ২০১৮

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক বা না জিতুক, লিওনেল মেসি সেরা- এমনটাই মনে করেন তার গ্রুপ প্রতিদ্বন্দ্বী ক্রোয়েশিয়ার তারকা ইভান রাকিতিচ।

বার্সেলোনার জার্সিতে রেকর্ড ৩২টি শিরোপা জেতা মেসি জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তে গোল খেয়ে হারে আর্জেন্টিনা। পরের দুই বছর কোপা আমেরিকাতে ফাইনালে চিলির কাছে হারে দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আন্তর্জাতিক ফুটবলে কিছু না জিততে পারার প্রচণ্ড চাপটা স্বাভাবিকভাবে আসছে বিশ্বকাপেও থাকবে আর্জেন্টিনা অধিনায়কের উপর।

ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিতিচের বিশ্বাস, বিশ্বকাপের ফল মেসির শ্রেষ্ঠত্বে কোনো প্রভাব ফেলবে না। সে যা তাতে নিশ্চিতভাবে সে বিশ্বকাপ জেতার যোগ্য। তবে ফুটবল টেনিস নয়, তাকে একাই বিশ্বকাপ জিততে হবে, একথা বলে আপনি তার ওপর চাপ দিতে পারেন না। বিশ্বকাপ তার প্রাপ্য।

ক্রোয়েট এ তারকা বলেন, কিন্তু ৩২টি দলই একই স্বপ্ন দেখছে। যদি সে শেষ পর্যন্ত এটা জেতে তাহলে আমরা সবাই তার জন্য খুশি হব। তবে সে জিতুক বা না জিতুক, তার গল্প পাল্টাবে না। ফুটবলে লিও মেসি মানে কি তা একটা বিশ্বকাপ বদলে দেবে না।

আগামী ২১ জুন গ্রুপের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। বার্সেলোনার দুই সতীর্থও লড়বেন একে অপরকে। মেসির বিপক্ষে খেলা কতটা কঠিন সেটাই আরেকবার বলেছেন রাকিতিচ, ‘ফুটবলে মেসিকে থামানোর সূত্র কেউই খুঁজে পায়নি। না দালিচ (ক্রোয়েশিয়া কোচ জলাৎকো), না আমি, না অন্য কেউ। আমাদের যেটা করতে হবে সেটা হলো তাকে উপভোগ করা। আমরা বুঝতে পারছি তার বিপক্ষে খেলা বিশেষ কিছু। কিন্তু সেও জানে আমরা সবাই তার বিপক্ষে ভালো খেলতে চাই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.