Sylhet Today 24 PRINT

কোপা আমেরিকায় ব্রাজিলের প্যারাগুয়ে পরীক্ষা

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৮ জুন, ২০১৫

নেইমার নেই, আবার নেইমার আছেন- এমন অবস্থায় ব্রাজিল দল। বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমে নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর ‘লাতিন বিশ্বকাপ’ কোপা আমেরিকা থেকে একই প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমে কোপা আমেরিকাও শেষ হয়ে গেছে নেইমারের।

বিশ্বকাপে নেইমারের বিদায় দুঃখজনক হলেও কোপা আমেরিকা থেকে নেইমারের বিদায় লজ্জাজনক ঘটনার কারণে। হয়ত নেইমারও ভুলে যেতে চাইবেন এ বিদায়। গ্রুপ পর্যায়ে কলম্বিয়া বিপক্ষে ম্যাচ হেরে খেলা শেষে প্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে চার ম্যাচ নিষিদ্ধ হন নেইমার।

কার্লোস দুঙ্গা নেইমারবিহীন ব্রাজিলকে হতাশার কূপ থেকে বের করে আনতে পারলেন কি না প্যারাগুয়ে ম্যাচে কিন্তু পাওয়া যাবে তার যোগ্য প্রমাণ। না হলে যতই টানা ১১ ম্যাচ জিতে অন্য ব্রাজিলকে উপহার দিন না কেন, সমালোচকদের সঙ্গে ছেড়ে কথা বলবে না ব্রাজিলিয়ানরাও। বিশ্বকাপ ব্যর্থতার পর সাম্বার দেশের মানুষ যে মহাদেশীয় টুর্নামেন্টটির শিরোপা জিতে ভুলতে চায় 'মিনেইরোজো' ট্র্যাজেডি!

প্যারাগুয়ে কি আর ছেড়ে কথা বলবে? নেইমারবিহীন ব্রাজিলকে মরণ কামড় দিতে প্রস্তুত র্যাামন ডায়াসের দল। সেলেসাওদের দুশ্চিন্তা আরো বেশি প্যারাগুয়ে বলেই। কোপার গত আসর থেকে বিদায় নিতে হয়েছিল যে এই 'লা আলবিরোজা'দের কাছে হেরে!

গোলশূন্য ড্রয়ের পর ফল নিষ্পত্তিতে টাইব্রেকারে গড়ানো ম্যাচে স্পট কিক থেকে একবারও বল জালে জড়াতে পারেনি ব্রাজিল। ওই কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি হওয়ায় সবচেয়ে বেশি উদ্বিগ্ন তাই সিলভা। প্যারাগুয়েকে পাওয়ার পরই সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি। যদিও দুশ্চিন্তার বড় কারণ আসলে নেইমারের না থাকাটা।

ভেনিজুয়েলার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে অবশ্য বার্সেলোনা ফরোয়ার্ডকে ছাড়া খেলার প্রস্তুতিটা ভালোমতোই সেরে নিয়েছে ২-১ গোলে জিতে। দিন দুয়েক আগে লিভারপুলে নাম লেখানো ফরোয়ার্ড ফিরমিনো তাই বলতে পারছেন, 'অবশ্যই নেইমার না থাকাতে আমরা বিষণ্ন। তবে সেলেসাও ভালো জায়গায় আছে, আর আমার বিশ্বাস কোপা আমেরিকা জিততে পারব। জানি নকআউট পর্বের ম্যাচ খুব কঠিন হবে, কারণ লাতিন আমেরিকার সব দল কঠিন পরিশ্রম করছে।'

গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে হেরেও চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা ব্রাজিল প্রত্যেক ম্যাচে গোল হজম করেছে একবার করে। ঘাম ঝরিয়ে জয় পাওয়া বাকি দুই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে চারবার। প্যারাগুয়ে ম্যাচের আগে ফরোয়ার্ড নিয়েই বেশি ভাবনা দুঙ্গার। নেইমার না থাকায় দুশ্চিন্তা আরো বেশি হওয়া কথা তাঁর।

যদিও বার্সেলোনা তারকাকে ছাড়াও ভীষণ আত্মবিশ্বাসী বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক, 'আমার মনে হয় ব্রাজিল এই টুর্নামেন্টে ভালো খেলছে, প্রত্যেকেই আত্মবিশ্বাসী। আমরা অতীত নিয়ে ভাবতে চাই না (যখন প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল হেরেছিল ২০১১ সালের কোয়ার্টার ফাইনালে)। গত কোপায় যা হয়েছিল ওটা এখন অতীত, তা ছাড়া ওই সময় আমি ছিলাম না।'

র‍্যামন ডায়াসও ছিলেন না তখন। গত বছর দায়িত্ব নেওয়ার পর জেরার্দো মার্তিনো আমলের প্যারাগুয়েকে ফিরিয়ে এনেছেন তিনি। গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে আটকে দিয়েছেন, এবার মিশন তাঁর ব্রাজিল। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ডায়াস নিষেধাজ্ঞার কারণে পাচ্ছেন না ডিফেন্ডার রিচার্দ অর্তিসকে। চোট সমস্যা না থাকায় পাচ্ছেন বাকি সবাইকে।

দুঙ্গার ব্রাজিলে সমস্যা শুধু ওই নেইমারের না থাকাটা। অবশ্য এর পরও যে সেলেসাওরা কঠিন প্রতিপক্ষ তাতে কোনো সন্দেহ নেই প্যারাগুয়ে ডিফেন্ডার ব্রুনো ভালদেসের, 'নেইমারকে ছাড়া ব্রাজিল দল আলাদা। তবে আমরা সবাই জানি ওদের দলে দারুণ কিছু খেলোয়াড় আছে, যারা দিনটা নিজেদের করে নিতে পারে।'

ইতিহাস-ঐতিহ্যে সেলেসাওদের ধারেকাছেও নেই প্যারাগুয়ে। ৪৭ হারের বিপরীতে মাত্র ১২ জয়ের পরও আজকের ম্যাচে আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে 'লা আলবিরোজা'রা। কারণটা গত আসরে সেলেসাওদের বিদায় করে দেওয়া। সঙ্গে আবার বোনাস হিসেবে পাচ্ছে নেইমারের না থাকাটা।

তাহলে চার বছর আগের দৃশ্যই মঞ্চায়িত হচ্ছে, নাকি প্রতিশোধ পর্বটা সেরে নিচ্ছে ব্রাজিল? আজ রাত সাড়ে ৩টা থেকে শুরু হওয়া ম্যাচে চোখ রাখুন। আর হ্যাঁ, এ ম্যাচে ব্রাজিল জিতলে সেমিফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। এএফপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.