Sylhet Today 24 PRINT

আরিফ-কামরান কিংবা ব্রাজিল-আর্জেন্টিনা- সকলেই সমানে সমান

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুন, ২০১৮

ব্রাজিল বনাম আর্জেন্টিনা কিংবা আরিফ বনাম কামরান- লাড়াইটাকে যেভাবেই আখ্যায়িত করা হোক, শেষ পর্যন্ত হারতে হয়নি কাউকেই। বুধবার রাতে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির মধ্যে প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

এই ম্যাচে ব্রাজিল দলের নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আর আর্জেন্টিনা দলের নেতৃত্ব দেন সিলেট সিটির সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।

একদিন পরই রাশিয়ায় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপে শিরোপার দুই প্রধান দাবিদার ব্রাজিল আর আর্জেন্টিনা। বাংলাদেশের দর্শকদের কাছেও পছন্দের শীর্ষে এই দুই দল। ফলে ক্রীড়া লেখক সমিতি, সিলেট আয়োজিত ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির এই ফুটবল ম্যচ নিয়ে নগরজুড়েই আগ্রহ তৈরি হয়েছিলো।

আগ্রহের কারণ ছিলো আরেকটি। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বি আরিফ ও কামরান। বিএনপির হয়ে আরিফুল হক চৌধুরী আর আওয়ামী লীগের হয়ে বদরউদ্দিন আহমদ কামরানের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। বুধবারই সিটি নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে।

ভোটযুদ্ধের আগে বুধবারই ফুটবলযুদ্ধে নামেন কামরান। তফসিল ঘোষণার দিনই ফুটবল নিয়ে মুখোমুখি হন এই দুই প্রতিদ্বন্দ্বি রাজনীতিবিদ।

ব্রাজিল-আর্জেন্টিনা আর আরিফ-কামরানের এই দ্বৈরথ দেখতে মধ্যরাতেও সিলেট জেলা স্টেডিয়ামে হাজির হন কয়েকশ’ দর্শক।

খেলা শুরু হওয়ার কথা ছিলো রাত ১০টায়। শুরু হতে হতে বেজে যায় প্রায় ১১ টা। অথচ রাত ৯ টা থেকে স্টেডিয়ামে দর্শকদের ভিড়। রীতিমত দুই দলের জার্সি পরে, পতাকা নিয়ে মাঠে হাজির হন তারা। দুইটি আলাদা গ্যালারিতে বিভক্ত হয়ে পুরোটা সময় হৈ-হুল্লোড় করে পছন্দের দলকে উজ্জীবিত করে রাখেন দর্শকরা।

কেবল আরিফ-কামরানই তো নয়। দুই দলের পক্ষেই মাঠে নেমেছিলেন সিলেটের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গরা। রাশিয়ায় যাওয়া ব্রাজিল দলের মতো সিলেটে ব্রাজিল সমর্থক দলটিও ছিলো তারকাবহুল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, জেলা ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় শাহাদউদ্দিন টিপু, ওয়াহিদ হোসেন, সিলেট জেলা দলের সাবেক তারকা রুবেল আহমদ নান্নু, জাহেদ আহমদ, খালেদ আহমদ, শুভ প্রতিদিন’র বার্তা সম্পাদক মঈন উদ্দিন, চ্যানেল এস’র সিলেট ব্যুরো প্রধান মঈন উদ্দিন মনজু- কে নেই তাদের দলে!

অপরদিকে কামরানের নেতৃত্বাধিন আর্জেন্টিনা দলে ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, শুভ প্রতিদিন’র প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, জেলা ক্রীড়া সংস্থার ট্রেজারার সিরাজ উদ্দিন, সিলেট চেম্বারের পরিচালক মুশফিক জায়গীরদার, এনটিভির ব্যুরো প্রধান মঈনুল হক বুলবুল, ইমজার সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম শাহ, ক্রীড়া লেখক সমিতির সভাপতি মান্না চৌধুরী, সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান, সিলেট জেলা ফুটবল দলের সাবেক তারকা আজাদুর রহমান চঞ্চল, মিলন খান প্রমুখ।

রাশিয়ায় বিশ্বকাপ খেলতে যাওয়া আর্জেন্টিনা দল যেমন কেবল মেসিময়। সিলেটের এই আর্জেন্টিনা সমর্থক দলটিও ছিলো অপেক্ষাকৃত কম তারকাময়। তারকার আধিক্য নেই তাতে কি, মাঠে যে তারা সকলেই কার্যকর হয়ে উঠতে পারেন তার প্রমাণ মিললো বুধবার রাতে। খেলায় গোলের প্রথম দেখা তো পায় আর্জেন্টিনাই।

টান টান উত্তেজনার খেলায় প্রথমার্ধ ছিলো গোল শূন্য ড্র। দুই দলই একাধিক আক্রমণ সত্ত্বেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। টানা বৃষ্টিতে সিলেট স্টেডিয়াম ধানি জমির মতো কাদাময়। কাদায় একাকার হয়েই একের পর এক আক্রমন হেনেছেন দুই দলের খেলোয়াড়রা। কাঙ্খিত গোল তবু অধরাই ছিলো।

দ্বিতীয়ার্ধে সেই সোনার হরিণটির দেখা পায় আর্জেন্টিনা। নীল-সাদা শিবিরের মধ্যমাঠের খেলোয়াড় সিলেট ব্যডমিন্টন একাডেমির পরিচালক শিব্বির আহমদের দূর্দান্ত শট খুঁজে নেয় ব্রাজিলের জাল। আর্জেন্টিনা শিবিরে তখন বুনো উল্লাস। অবশ্য শেষ পর্যন্ত এই উল্লাস নিয়ে মাঠ ছাড়তে পারেনি আর্জেন্টিনা। খেলার একবারে শেষ মূহূর্তে হলদে শিবিরকে ম্যাচে ফেরান জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার সাহাদ উদ্দিন টিপু। তার গোলে সমতা ফেরে ম্যাচে। এই গোলের পরই শেষবারের মতো বাঁশিতে ফুঁ দেন রেফারি। খেলা ১-১ গোলে ড্র।

খেলায় জিতে নি কেউ-ই। কেউ হারেওনি। জয় হয়েছে ফুটবলের। জয় হয়েছে সম্প্রীতির।

বিশ্বকাপ আর নির্বাচনী প্রচরণা শুরুর আগে এই সম্প্রীতিটুকুরই প্রয়োজন ছিলো সবচেয়ে বেশি। বিশ্বকাপ আর নির্বাচনী লড়াইয়ের আগামী দিনগুলোতে এই সম্প্রীতিটুকু বহাল থাকবে এমন প্রত্যাশাই সকলের।

খেলা শেষে দুই দলের হাতেই শিরোপা তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.