Sylhet Today 24 PRINT

গ্যালারিতে যুবরাজ সালমান ও পুতিন

ক্রীড়া প্রতিবেদক |  ১৪ জুন, ২০১৮

২১তম বিশ্বকাপ ফুটবল দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ শুরু হয় রাত ৯ টায়। এসময় দুই নেতাকে গ্যালারিতে দেখা যায়। রাশিয়া প্রথমার্ধের ১২মিনিটে গোল করার পর পুতিন করমর্দনের জন্যে হাত বাড়িয়ে দেন প্রিন্স সালমানের দিকে, সালমানও হাত মেলান পুতিনের সাথে।

এর আগে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবি প্রকাশ করে সৌদি রাজপরিবার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) চলতি মাসের প্রথম দিকে কয়েকটি ছবি প্রকাশ করে জানায়, মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান।

ছবিতে দেখা যায়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পাশে মন্ত্রিসভার বৈঠকে অন্যদের সাথে রয়েছেন বিন সালমানও।

গত ২১ এপ্রিল সৌদি রাজপ্রাসাদের খুবই নিকটবর্তী এলাকায় গোলাগুলির আওয়াজ শোনা যাওয়ার পর গত এক মাসে বিন সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি। এতে ইরান ও রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে নানা গুজব ছড়াতে থাকে। কোনো কোনো খবরে দাবি করা হয় গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন যুবরাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.