Sylhet Today 24 PRINT

সবাই মিলে মেসিকে ঠেকানোর পরিকল্পনা আইসল্যান্ডের

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুন, ২০১৮

বিশ্বের ইতিহাসের ক্ষুদ্রতম দেশ হিসেবে প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে আইসল্যান্ড। বিশ্বকাপের মূল পর্বের ‘ডি’ গ্রুপে চার দলের মধ্যে সবচেয়ে দুর্বল দলও ধরা হচ্ছে তাদেরই। যদিও ফিফা র‍্যাংকিংয়ে তাদের বর্তমান অবস্থান ২২। তবু অভিজ্ঞতার বিচারে গ্রুপের অন্য তিন দল আর্জেন্টিনা, নাইজেরিয়া এবং ক্রোয়েশিয়ার চেয়ে যোজন যোজন পিছিয়ে তারা।

তার উপরে বিশ্বকাপের ইতিহাসে আইসল্যান্ডের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। তার দল আর্জেন্টিনাকেই এই গ্রুপের সেরা দল হিসেবে বলা হচ্ছে। অথচ মেসির দলের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচ খেলতে নামার আগে কিনা মেসির জন্য বাড়তি কোন পরিকল্পনা রাখবে না আইসল্যান্ড। এমনটাই জানিয়েছেন আইসল্যান্ডের কোচ হেইমির হ্যালগ্রিমসন।

তবে তিনি এও জানিয়েছেন, লিওনেল মেসিকে ঠেকাতে নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নয় বরং পুরো দলকে দায়িত্ব দিতে চান আইসল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন।

শনিবার (১৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় আর্জেন্টিনার বিপক্ষে খেলবে প্রথমবারের মতো বিশ্বকাপে পৌঁছানো আইসল্যান্ড।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মেসিকে আটকানো নিয়ে এক প্রশ্নের জবাবে হালগ্রিমসন বলেন, “আমার কোনো ম্যাজিক ফর্মুলা নেই। সবাই চেষ্টা করেছে কিন্তু সে সবসময় গোল করেছে। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।”

“আমরা একটা দল হয়ে তাকে থামানোর চেষ্টা করব, কোনো খেলোয়াড়কে মেসিকে মার্ক করার দায়িত্ব দিলে ভুল হবে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.