স্পোর্টস ডেস্ক | ১৬ জুন, ২০১৮
চলমান রাশিয়া বিশ্বকাপের হট ফেভারিট মুষ্টিমেয় যে ক’টা দল আছে তাদের মধ্যে একটি ফ্রান্স। তারকাঠাসা দুর্দান্ত একটা দল নিয়েই রাশিয়া বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ফরাসিরা। এ যাত্রায় ‘সি’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে এশিয়ার পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ফ্রান্স। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েই মূলপর্বে এসেছে ফ্রান্স। গ্রুপের ১০ ম্যাচের ৭টিতেই জিতেছেন দিদিয়ের দেশমের শিষ্যরা। অন্যদিকে প্লে-অফ খেলে তারপরই অস্ট্রেলিয়া পেয়েছে রাশিয়া বিশ্বকাপের টিকিট।
এখন পর্যন্ত এই দল দুইটি তিন ম্যাচে মুখোমুখি হয়েছে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে, অন্য ম্যাচটি ড্র হয়েছে।
দিদিয়ের দেশম এক ঝাঁক তরুণ শিষ্য নিয়ে এসেছেন রাশিয়ায়। অলিভিয়ের জিরু, আঁতোয়া গ্রিজমান, পল পগবারা ২০১৬ সালের ইউরোতেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এবার সুযোগ কিলিয়ান এমবাপেদের মত তরুণদের।
ফ্রান্স দলের যেমন তারকার ছড়াছড়ি, অস্ট্রেলিয়া দলে তেমনটি নেই। সকারুদের সবচেয়ে বড় তারকা ৩৮ বছর বয়সী টিম কাহিল। তিনি নিজে একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। এবার একটি গোল করতে পারলেই তিনি পেলে, উয়ে সিলার, মিরোস্লাভ ক্লোসা ও ক্রিস্তিয়ানো রোনালদোর পর চতুর্থ বিশ্বকাপে গোল করা পঞ্চম খেলোয়াড় হবেন।