Sylhet Today 24 PRINT

মেসির পেনাল্টি মিস

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুন, ২০১৮

আর্জেন্টিনার ঘাম ঝরানো লড়াইয়ে এর চেয়ে ভালো সুযোগ বোধ হয় হতে পারতো না। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৬২ মিনিটে পেয়েছিল পেনাল্টি। শটটি আর কেউ নেননি, নিয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু আরও একবার চাপে বোধ হয় ভেঙে পড়লেন। পেনাল্টি থেকেও গোল করতে পারলেন না বার্সা সুপারস্টার। ফলাফল ১-১ এ সমতা।

আর্জেন্টিনাকে রুখে দিতে অতি রক্ষণাত্মক কৌশল নিয়েছিল বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা আইসল্যান্ড। ম্যাচের আগেই আইসল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন বলেছিলেন লিওনেল মেসিকে ঠেকাতে নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নয় বরং পুরো দলকে কাজে লাগাবেন তিনি। করলেও তিনি তাই। মুহুর্মুহু আক্রমণ আটকে সফলও হয়েছে তারা। তবে দলকে জেতানোর সহজ সুযোগ পেয়েছিলেন মেসি। পেনাল্টি মিস করে সমর্থকদের হতাশায় পুড়িয়েছেন আর্জেন্টিনার সেরা খেলোয়াড়।

ম্যাচে অনেকগুলো সুযোগই তৈরি করেছে আর্জেন্টিনা। আইসল্যান্ডের রক্ষণ দেয়ালের সামনে সেগুলো আলোর মুখ দেখেনি। প্রথমে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা পরে গোল হজম করে ১-১ সমতায় আসার পর থেকেই মরিয়া হয়ে লড়েছে।

ম্যাচের ৬১ মিনিটে ডি-বক্সের ভেতরে সার্জিও আগুয়েরোকে ফেলে দেন আইসল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় ম্যাগনোসন। ভিআরের মাধ্যমে পেনাল্টি নিশ্চিত হয় আর্জেন্টিনার।

সমতায় থাকা ম্যাচে এগিয়ে যেতে সবচেয়ে ভরসার পাত্র মেসিকেই শট নিতে দেয় আলবিসেলেস্তেরা। গোল করা যার জন্য ছেলেখেলা, সেই মেসি পেনাল্টির মতো সহজ সুযোগও নষ্ট করেন বিস্ময়করভাবে। আইসল্যান্ডের গোলরক্ষক হ্যালডরসন ডান পাশে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে রুখে দেন আর্জেন্টাইন জাদুকরের শট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.