Sylhet Today 24 PRINT

নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপ-শীর্ষে ক্রোয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক |  ১৭ জুন, ২০১৮

ম্যাচের তখন ৩২তম মিনিট। বল নাইজেরিয়ার জালে। না, ক্রোয়েশিয়ার কারো পা থেকে বল আসেনি; নিজেদের জালেই বল পাঠাল আফ্রিকান সুপার ঈগলসরা। এবারের বিশ্বকাপের আরও এক আত্মঘাতী গোল।

গ্রুপ ডিতে ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচে ক্রোয়েশিয়া জিতেছে ২-০ গোলে; অপর গোলটি করেছে লুকা মদ্রিচ।

কর্নার থেকে উড়ে আসা বলে ডাইভিং হেড নিয়েছিলেন মারিও মানজুকিচ। সে বল হয়ত পোস্টের বাইরে যেত। কিন্তু যাওয়ার পথে এতেবোর পায়ে লেগে দিক বদলে আশ্রয় নেয় জালে।

ম্যাচের ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন লুকা মদ্রিচ। মানজুকিচকেই ডি-বক্সে ফেলে দিয়েছিলেন উইলিয়াম একং। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিয়েছেন ক্রোয়াট অধিনায়ক মদ্রিচ।

গ্রুপের অপর দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও আইসল্যান্ড ড্র করেছে।

এই জয় ক্রোয়েশিয়াকে পয়েন্ট টেবিলের শীর্ষে রেখেছে; আর প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে নাইজেরিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.