Sylhet Today 24 PRINT

শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে মাঠে জার্মানি

স্পোর্টস ডেস্ক |  ১৭ জুন, ২০১৮

বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে রাশিয়া বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে জার্মানি। শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনের শুরুতেই তারা পড়তে যাচ্ছে কঠিন পরীক্ষার মুখে। নিজেদের উদ্বোধনী ম্যাচে জার্মানদের পেরোতে হবে মেক্সিকোর বাধা।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল জার্মানি। আর মেক্সিকো আছে ১৫ নম্বরে। এ নিয়ে মোট ১১ বার জার্মানির মুখোমুখি হয়েছে উত্তর আমেরিকার দলটি। তার মধ্যে একবারই কেবল জয় পেয়েছে তারা। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল গেল বছর রাশিয়াতেই, কনফেডারেশন কাপে। ম্যাচটি ৪-১ গোলে জিতেছিল জার্মানি।

বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল জার্মানি সর্বশেষ খেলা ৭ বিশ্বকাপের প্রথম ম্যাচে হারেনি। সর্বশেষ খেলা ৪ বিশ্বকাপের প্রথম ম্যাচে সব মিলিয়ে ২০ গোল করেছে দলটি। গত চার বিশ্বকাপেরই সেমি ফাইনালে উঠেছে জার্মানরা।

অন্যদিকে মেক্সিকোও তাদের খেলা সর্বশেষ ৫ বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের মুখ দেখেনি। বিশ্বকাপে সর্বশেষ খেলা গ্রুপপর্বের ১৭ ম্যাচে মাত্র দুইবারই হেরেছে মেক্সিকো। তবে প্রতিবারই শেষ ষোল থেকে বিদায় নিয়েছে দলটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.