Sylhet Today 24 PRINT

রোনালদোর গোলে মরক্কোর বিদায়

স্পোর্টস ডেস্ক |  ২০ জুন, ২০১৮

ক্রিশ্চিয়ানো রোনালদোর করা একমাত্র গোলে মরক্কোকে হারিয়েছে পর্তুগাল। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্পেনের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করা পর্তুগিজ অধিনায়ক গোল করেছেন ম্যাচের চতুর্থ মিনিটেই।

এ গোলের করার মধ্য দিয়ে রাশিয়া বিশ্বকাপের প্রথম জয় পায় পর্তুগিজরা। ম্যাচের চতুর্থ মিনিটে জোয়াও মৌতিনিওর ক্রসে সবাই যখন লাফাচ্ছেন তখন একটু নিচু হয়ে দক্ষ শিকারির মতো দারুণ এক হেডে বল জালে পাঠান রোনালদো।

এবারের আসরে এটি রোনালদোর চতুর্থ গোল। রাশিয়ার দেনিস চেরিশেভকে (৩) পেছনে ফেলে এককভাবে উঠে এলেন এবারের আসরের গোলদাতাদের তালিকার শীর্ষে।

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখায় ৩-১ গোলে জিতেছিল মরক্কো। আর আজকের ম্যাচে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপ খেলতে আসা মরক্কোকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিল পর্তুগাল।

আক্রমণ করেও ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি মরক্কো। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন রোনালদো।  ডি বক্সে তাঁর বুলেট গতির শট জাল খোঁজে পায়নি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণ করে যাওয়া মরক্কো ৫৭তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল। ফ্রি-কিক থেকে মিডফিল্ডার ইউনেস বেলহান্দার হেড ঝাঁপিয়ে এক হাতে ঠেকান পর্তুগাল গোলরক্ষক রুই পাত্রিসিও। চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে মেহদি বেনাতিয়ার ক্রসবারের ওপর দিয়ে যায়।

মরক্কোর বিপক্ষে করা গোলের মধ্য দিয়ে রোনালদো ছুঁয়ে ফেললেন তাঁর প্রতিদ্বন্দ্বী মেসির পূর্বসূরি আরেক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। বিশ্বকাপে আর মাত্র একটি গোল করতে পারলেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো।

বুধবার পর্যন্ত অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে ছিলেন ম্যারাডোনা। স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকের করে অধিনায়ক হিসেবে রোনালদোর গোলের সংখ্যা ছিল ৫। আজ মরক্কোর বিপক্ষে গোল করে ম্যারাডোনার রাজত্বে ভাগ বসান পর্তুগিজ এই ফরোয়ার্ড।

এছাড়া আজকের জয়সূচক গোলের মধ্য দিয়ে পর্তুগালের হয়ে ৮৫তম গোল করে হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে (৮৪) পেছনে ফেললেন। রোনালদোর সামনে আছেন কেবল ১০৯টি আন্তর্জাতিক গোল করা ইরানের আলি দাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.