Sylhet Today 24 PRINT

ব্রাজিলকে বার্সেলোনা বানানোর চেষ্টা করছেন তিতে: পেতিত

স্পোর্টস ডেস্ক |  ২১ জুন, ২০১৮

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সাথে ড্র করায় ব্রাজিলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন অনেকেই। যে নেইমারকে নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ‘সেলেসাও’রা সেই ম্যাচে নেইমারই ছিলেন সবচেয়ে বিবর্ণ। এতে ব্রাজিল ও নেইমারের দিকে চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা।

ব্রাজিল ও নেইমারের খেলার সমালোচনা করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিত।

তাঁর মতে, ব্রাজিলকে বার্সেলোনা বানানোর চেষ্টা করছেন কোচ তিতে। ব্রাজিল কোচের এই চেষ্টায় নেইমারকে নিতে হচ্ছে মেসির ভূমিকা।

অনলাইন বেটিং সাইট ‘প্যাডি পাওয়ার’ কে পেতিত জানান, বার্সেলোনায় সবাই মেসিকে বল পাস দিয়ে বসে থাকে সে কিছু করবে বলে, ব্রাজিলকেও দেখছি নেইমারের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে।

পেতিত আরও বলেন, নেইমারের ওপর অতিনির্ভরশীলতায় ব্রাজিলের হিতে বিপরীতই হচ্ছে। এর পাশাপাশি নেইমারের আচরণ নিয়েও পেতিত বেশ বিরক্ত। তাঁর ভাষায়, এটা পিএসজি না যে সে যা খুশি করতে পারবে। নেইমার বল হারালে কিংবা ট্যাকলের শিকার হলেই কান্না শুরু করেছে। বিশ্বকাপের মতো জায়গায় আপনি এমনটা করতে পারেন না। নেইমারকে আরও সাহসী হতে হবে। দলের খেলা গড়ার দায়িত্ব নিতে হবে।

নেইমার নয়, ফিলিপ কুতিনহোকে ব্রাজিলের সেরা খেলোয়াড় বলেও মনে করেন ’৯৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে গোল করা পেতিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.