Sylhet Today 24 PRINT

রোমারিওকে ছাড়িয়ে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক |  ২৩ জুন, ২০১৮

কোস্টারিকার বিপক্ষে শেষ মুহূর্তে বল জালে পাঠিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন নেইমার। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ছুঁয়েছিলেন রোমারিওকে। মূল পর্বে ছাড়িয়ে গেলেন তাঁকে।

সেন্ট পিটার্সবুর্গ স্টেডিয়ামে 'ই' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে শেষ দিকের দুই গোলে জয় পায় ব্রাজিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফিলিপে কৌতিনিয়োর গোলে এগিয়ে যায় ব্রাজিল আর যোগ করা সময়ের সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

ডগলাস কস্তার কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান অরক্ষিত থাকা ব্রাজিলিয়ান এ সেনসেশন। আন্তর্জাতিক ফুটবলে নেইমারের এটি ৫৬তম গোল। ব্রাজিলের হয়ে তার চেয়ে বেশি গোল আছে কেবল রোনালদো (৬২) ও পেলের (৭৭)।

বিশ্বকাপের আগে ১০ জুন প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে রোমারিওকে স্পর্শ করেছিলেন ২৬ বছর বয়সী নেইমার। চলতি বিশ্বকাপে নেইমারের এটি প্রথম গোল, আর বিশ্বকাপে সব মিলিয়ে পঞ্চম।

বুধবার ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.