Sylhet Today 24 PRINT

মেসির নামে মধ্যরাতে জেগে উঠলো নগরী

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুন, ২০১৮

খেলা শেষের বাঁশিতে মাত্র ফুঁ দিয়েছেন রেফারি। অমনি শুরু হলে গেলো স্লোগান। মেসি, মেসি। ফুটবল জাদুঘরের নামে জেগে উঠলো মধ্যরাতের সিলেট নগরী।

প্রথমে একজন দু'জন করে স্লোগান দিতে দিতে দৌড়াতে লাগলেন নগরীর জিন্দাবারের দিকে। মূহূর্তের তা শ' ছাড়ালো। সবার মুখেই একই নাম- মেসি। গলা ফাটিয়ে এই নামে চিৎকার করতে লাগলেন সবাই। সাথে মোটরসাইকেলের হর্ণ, বাঁশি ফুঁ-চলতেই থাকলো।

দৌড়ে, হেঁটে, গাড়ি নিয়ে অনেকেই যোগ দিলেন এই উল্লাসে। হাতে মোবাইল নিয়ে ফেসবুকে লাইভ করে এই উল্লাস দিয়ে ছড়িয়ে দিলেন কেউ কেউ। অনেকের হাতেই হাতে আর্জেন্টিনার পতাকা। সেটি উড়িয়েই জানান দিলেন বিজয় বার্তা।

ছোট ছোট কয়েকটি মোটরসাইকেল শোভাযাত্রাও মধ্যরাতে প্রদক্ষিণ করলো জিন্দাবাজার এলাকা।

মঙ্গলবার, নাকি বুধবার? বারের গোলমেলে হিসেব থাক। রাত তখন ২টা। এই মধ্যরাতেই মেসি মেসি চিৎকারে নগরী মাতিয়ে তুললেন আর্জেন্টাইন সমর্থকরা। এমন উদযান করবেনই না বা কেনো? একেবারে খাদের কিনার থেকে যে ঘুরে দাঁড়িয়েছে তাদের দল। বাদ পড়তে পড়তে দারুণ এক জয়ে শেষ ষোলোতে ঠাঁই করে নিয়েছে নীল-সাদা জার্সিধারীরা।

জিততে ভুলে যাওয়া আর্জেন্টিনার নাইজেরিয়ার বিপক্ষে এই জয়টাই তো এবারের বিশ্কাপের প্রথম জয়। ফলে সমর্থকদের উল্লসও ছিলো বাঁধভাঙ্গা।

একবার যখন জয়ের দেখা মিলেছে এবার তা অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা আর্জেন্টিনার সমর্থকদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.