Sylhet Today 24 PRINT

গ্যালারি থেকে হাসপাতালেও যেতে হয় ম্যারাডোনাকে

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুন, ২০১৮

বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রতি ম্যাচ গ্যালারিতে বসে দেখছেন দিয়েগো ম্যারাডোনা। দলের সাফল্য-ব্যর্থতায় হচ্ছেন উল্লসিত-বিমর্ষ। ম্যাচের প্রতি মুহূর্তে নিজের অভিব্যক্তি প্রকাশ করে যাচ্ছেন।

খেলা চলাকালে কখনও উল্লাসে আবার কখনও হতাশায় ভেঙে পড়ার দৃশ্য দেখেছে সারাবিশ্ব। নাইজেরিয়া ম্যাচের সময় মাঠে উপস্থিত ছিলেন। মেসি-রোহোদের গোলের সময় মধ্যমাও প্রদর্শন করতে দেখা গেছে আর্জেন্টাইন কিংবদন্তিকে। সেই ম্যারাডোনাই খেলার পর হয়ে পড়েছিলেন অসুস্থ!

তার শরীর দ্রুত অবনতির দিকে চলে যাচ্ছিল বলে প্যারামেডিকসের সহায়তা নেওয়া হয়েছিল। পরে জানা গেছে, তার রক্তচাপ নিচুতে নেমে গিয়েছিল। যদিও পরে নিজের শক্তিতেই মাঠ ছেড়ে গেছেন। তাকে হাসপাতালে নেওয়ার পর তার সুস্থতার কথাই জানা গেছে।

দক্ষিণ আমেরিকান টিভি টেলেসার জানিয়েছে, ম্যারাডোনা মস্কোর ফ্লাইটে চড়েছেন। এই টিভিই একটি অনুষ্ঠানের জন্যে তাকে শ্যুট করে আসছিল।

অথচ এই ম্যাচের আগে মেসিদের প্রেরণা দিতে অভিজ্ঞতার ভাণ্ডার উন্মুক্ত করতে চেয়েছিলেন ম্যারাডোনা। সাবেক শিষ্যদের সঙ্গে দেখা করতে সময়ও চেয়েছিলেন।তাই নাইজেরিয়ার বিপক্ষে ৮৬ মিনিটে ম্যারাডোনাকে খুবই উল্লসিত অবস্থায় দেখা গিয়েছিল। আর্জেন্টিনা ম্যাচটি জিতে যাবে এমন অবস্থায় এক পর্যায়ে নিজেকে আর বেধে রাখেননি। অশালীন অঙ্গ ভঙ্গি ছিল তার মধ্যে।

এই জয়ে আর্জেন্টিনা নিশ্চিত করেছে শেষ ষোলো। নাইজেরিয়াকে হারিয়েছে ২-১ গোলে। যাদের বিশ্বকাপ ভাগ্যই ঝুলে গিযেছিল সেই আর্জেন্টিনার গোল উৎসবের পর আত্মহারা হয়ে পড়েছিলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা। যদিও ঘটনার ২ ঘণ্টা পর তার বিমানে চড়ার ছবি শোভা পেতে থাকে টুইটারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.