Sylhet Today 24 PRINT

জটিল সমীকরণ নিয়ে আজ মাঠে গড়াবে এফ গ্রুপের খেলা

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুন, ২০১৮

শেষ ষোলোর আশা টিকে থাকলেও জার্মানির পথ এখন কাঁটায় বিছানো। জটিল সমীকরণ মাথায় নিয়েই কাজানে রাত ৮টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। সম্প্রচার করবে মাছরাঙা ও নাগরিক টিভি।

জটিল সমীকরণে দক্ষিণ কোরিয়াকে হারাতে হবে ২ বা তিন গোলের বেশি ব্যবধানে। অথবা আরেক দিক দিয়ে সুইডেনের ম্যাচের চেয়ে ভালো কোনও ফল নিয়ে জিততে হবে ল্যোভের শিষ্যদের। ড্র করলে বা হারলে সমীকরণ হয়ে উঠবে আরও জটিল।

জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ সমীকরণ যে মাথায় রাখছেন তা স্পষ্ট তার কথাতেই, ‘প্রতিপক্ষের থেকে দুই গোলে এগিয়ে থাকতে হবে। তাতেই পরের রাউন্ড নিশ্চিত হবে। চেষ্টা করবো তেমন সুযোগ তৈরি করার।’

জার্মানির এই গ্রুপটাকে বলা হচ্ছে জটিল সমীকরণের বৃত্তে বন্দি। এফ গ্রুপে চার দলের যে কেউই যেতে পারে পরের রাউন্ডে। মেক্সিকো দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পাওয়ার পরও তাদের ভাগ্য ঝুলে আছে এই সমীকরণের ফাঁদে।

এই গ্রুপের দুটি ম্যাচ ড্র হলে মেক্সিকো চলে যাবে শেষ চারে। তখন জার্মানি আর সুইডেনের পয়েন্ট দাঁড়াবে ৪। গোল পার্থক্য তখন বিবেচনায় আসবে। সেটাও যদি সমান হয়ে যায় তাহলে কারা কয়টা গোল করেছে সেই হিসাব ধরা হবে। তা না হলে মুখোমুখি ম্যাচের ফল। তখন সুইডেনকে হারানোর কারণে জার্মানি পরের রাউন্ডে উঠে যাবে।

একই সময়ে রাত ৮টায় মুখামুখি হবে মেক্সিকো ও সুইডেন। সুইডেনের সঙ্গে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে মেক্সিকোর। তাদের প্রয়োজন একটি পয়েন্টের।

এক নজরে জটিল সমীকরণ:

১. মেক্সিকোর একটি পয়েন্টই প্রয়োজন পরের পর্বে যেতে। জার্মানি জিততে ব্যর্থ হলে, হারলেও সম্ভাবনা থাকবে মেক্সিকোর।

২. জার্মানির চেয়ে ভালো ফল অথবা জয় পেলেই পরের পর্বে চলে যাবে সুইডেন। মেক্সিকোকে হারালে, জার্মানি জিততে ব্যর্থ হলে গ্রুপ শীর্ষে চলে আসবে সুইডেন।

৩. জার্মানিকে অবশ্য দুই বা তার অধিক গোলে জিততে হবে। অথবা সুইডেনের চেয়ে ভালো ফল।

৪. জার্মানি ও সুইডেন ড্র করলে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল দ্বিতীয় হয়ে পরের রাউন্ড নিশ্চিত করবে।

৫. গোল ব্যবধানে সমান হলে মুখোমুখি লড়াইয়ে তখন জার্মানি চলে যাবে পরের রাউন্ডে।

৬. দক্ষিণ কোরিয়ার অবশ্য জার্মানিকে হারালেই চলবে না, তখন সুইডেনকে মেক্সিকোর কাছে হারার প্রার্থনা করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.