Sylhet Today 24 PRINT

অধিনায়ক এবার মিরান্দা

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুন, ২০১৮

বিশ্বকাপে একেক ম্যাচে একেক অধিনায়কের নেতৃত্বে মাঠে নামছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল দলের অধিনায়কত্ব করবেন রক্ষণভাগের ফুটবলার মিরান্দা।

ব্রাজিল দলের কোচ হওয়ার পর তিতে বেশ কয়েকবার দলের অধিনায়ক অদল বদল করেছেন। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মার্সেলোকে দলের অধিনায়ক ঘোষণা করেন তিতে। ম্যাচে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এরপর দ্বিতীয় ম্যাচে সেন্ট পিটার্সবার্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয় ব্রাজিল। ওই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরেন থিয়াগো সিলভা। ম্যাচটি ব্রাজিল ২-০ গোলের ব্যবধানে জয় পায়। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য ব্রাজিলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে মিরান্দাকে।

ব্রাজিল কোচের এই অধিনায়ক রদবদলের কারণ হলো দলের সব খেলোয়াড়ের নেতৃত্ব নেওয়ার গুণ আছে এই বার্তা দলের মধ্যে ছড়িয়ে দেওয়া। তাছাড়া দলে সবার ভূমিকা সমান-এ বার্তাও দিতে চান তিনি। সে কারণেই অধিনায়কের ব্যান্ড হাত বদল হচ্ছে ঘনঘন।

ব্রাজিলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে মিরান্দা বলেন, 'অবশ্যই আমি ব্রাজিলের নেতৃত্ব দিতে পেরে খুশি। কিন্তু আমরা যদি বিশ্বকাপ জিততে পারি তবেই আমার আনন্দটা বেশি হবে। আমি ব্রাজিলের অধিনায়ক থাকি বা না থাকি সেটা ব্যাপার না।'

মিরান্দা জানিয়েছেন, গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়াকে হারিয়ে গ্রুপ সেরা হতে চাই।

শেষ ষোলোয় কাদের বিপক্ষে খেলতে হবে তা নিয়ে ভাবছে না তারা। মিরান্দা বলেন, 'আমরা ওই দিকে তাকাচ্ছিই না। আমরা সার্বিয়ার বিপক্ষে জিততে চাই। প্রতিপক্ষ হিসেবে নকআউপ পর্বে কার বিপক্ষে খেলতে হবে তা নিয়ে ভাবছি না। আমরা গ্রুপে প্রথম হওয়ার জন্য খেলব।'

ব্রাজিলিয়ানদের ফুটবলের ধরণের কথা উল্লেখ করে ইন্টার মিলান ডিফেন্ডার মিরান্দা বলেন, 'আমরা ব্রাজিল দলের ফুটবলার। আমরা সবসময় জিততে চাই এবং সেরা হতে মাঠে নামি। সেটার কোন পরিবর্তন হবে না।'

সার্বিয়া দলের শারীরিক উচ্চতা ব্রাজিলের থেকে অনেক বেশি। এমনকি রাশিয়া বিশ্বকাপে যে ৩২ দল অংশ নিচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতা সার্বিয়ার খেলোয়াড়দের। এ বিষয়ে মিরান্দা বলেন, 'আমরা জানি তারা এমন এক দল যারা তাদের পরিকল্পনা ঠিক করে তবেই মাঠে নামবে। তারা শারীরিকভাবেও খুব শক্তিশালী। কারা সেট পিসে ভয়ঙ্কর হতে পারে। তবে আমরা তার জন্য ভালো মতো প্রস্তুতি নিয়েছি যাতে করে আমাদের গোল খেতে না হয়।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.