Sylhet Today 24 PRINT

পরিস্কার পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছি: মিকেলে

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুন, ২০১৮

দুই দলেরই সুযোগ ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। আর্জেন্টিনার সামনে ম্যাচ জয় সহ অন্য সমীকরণও ছিল, কিন্তু নাইজেরিয়ার সামনে সেটা ছিল না; নিদেনপক্ষে ড্র হলেও চলত তাদের। এমন ম্যাচে আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারায় ২-১ গোলের ব্যবধানে। তবে নাইজেরিয়ার অধিনায়কের দাবি তারা পরিস্কার পেনাল্টি থেকেই বঞ্চিত হয়েছেন।

ম্যাচের শুরুতেই গোল করেছিলেন লিওনেল মেসি। ম্যাচে সমতা ফেরানো গোলটা নাইজেরিয়া পেয়েছে পেনাল্টি থেকেই। নাইজেরিয়া অধিনায়ক জন ওবি মিকেলের বিশ্বাস, আরেকটি পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের।

ঘটনাটা ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটের সময়ের। বক্সে আসা বল ক্লিয়ার করতে লাফিয়ে ওঠেন মার্কোস রোহো। বল তার মাথায় লাগার পর আবার হাতে এসে লাগে। তখনই হ্যান্ডবলের আবেদন করেন নাইজেরিয়ান ফুটবলারেরা। নিশ্চিত হওয়ার জন্য ভিএআরের সহায়তা নেন, টাচলাইনের বাইরে গিয়ে রিপ্লেও দেখে আসেন রেফারি। তারপরেও নাইজেরিয়ানদের আবেদনে সাড়া দেননি তিনি। অনিচ্ছাকৃতভাবে হাত লেগেছে মনে করায় ওটা পেনাল্টি দেননি রেফারি। তাদের জ্বালানি দিচ্ছে ঠিক আগের দিন একইরকম ঘটনায় ইরানকে পেনাল্টি দেওয়ার ঘটনা।

হাতের ইনজুরি সত্ত্বেও গতকালের ম্যাচে খেলা নাইজেরিয়া অধিনায়ক দাবি করেছেন, ওটা পরিষ্কার পেনাল্টি ছিল। ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন, ‘আমার দৃষ্টিতে ওটা পরিষ্কার পেনাল্টি। আপনি যদি আগের দিনের পর্তুগাল ম্যাচের দিকে তাকান, দেখবেন আজকেরটা ওই হ্যান্ডবলের চেয়েও গুরুতর ছিল। আমরা ড্রেসিংরুমে ফিরে আবার রিপ্লে দেখেছি। ওটা পরিষ্কার হ্যান্ডবল ছিল।’

রেফারির কাছে জানতে চেয়ে কোন সদুত্তর পাননি বলেও জানিয়েছেন মিকেল, ‘ভিএআরের সাহায্য নেয়ার পর রেফারি জানালো বল রোহোর হাতে লেগেছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম তাহলে পেনাল্টি দেয়া হলো না কেন? কিন্তু তিনি বলেছেন এটা তিনি জানেন না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.