Sylhet Today 24 PRINT

‘হয় জয়, নয় মৃত্যু’

স্পোর্টস ডেস্ক |  ২৮ জুন, ২০১৮

নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত 'ডি' গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে ছিল আর্জেন্টিনা। আলবেসেলেস্তেদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়েও ছিল বড় শঙ্কা। মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 'ডি' গ্রুপের ম্যাচে প্রথমার্ধে নাইজেরিয়ার বিপক্ষে ডান পায়ের কোনাকুনি শট থেকে অসাধারণ এক গোল করেন মেসি। মেসির এমন গোলে মোটেও ভয় পায়নি আফ্রিকান ঈগলসরা। তারাও পাল্টা আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে আর্জেন্টিনাকে।

এমন অবস্থায় দ্বিতীয়ার্ধের শুরুতেই 'গুরু বাণী' দিয়ে দলকে সাহস যোগালেন মেসি। ওইসময় মেসি কি বাণী দিয়েছিলেন তাই জানিয়েছেন মার্কোস রোহো।

নাইজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগে আর্জেন্টিনা দলকে মেসি বলেন,  'শান্ত থাকো। নিজেদের চাপমুক্ত রাখো।' এরপরই নাকি 'বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোহোদের বলেন, 'এখান থেকে একটাই জিনিস নিয়ে যাওয়ার আছে। হয় জয়, নয় মৃত্যু।' মার্কোস রোহোদের সর্বশক্তি দিয়ে আক্রমণে যাওয়ার কথাই বলেছিলেন লা আলবেসেলেস্তে অধিনায়ক।

আর্জেন্টিনীয় ডিফেন্ডার রোহোর কথা অনুযায়ী, 'অধিনায়ক পুরো খেলাটা নিজেদের হাতে রাখতে চেয়েছিলেন। আর ঝুঁকির ব্যাপারেও মেসির ধারণা ছিল স্পষ্ট। আমাকে ফরোয়ার্ড পজিশনে যাওয়ার কথা বলেন অধিনায়কই। মাশ্চেরানোও তাই বলেন।' মেসির ওই কৌশলের ফল হাতে নাতেই পেয়ছে আর্জেন্টিনা। ম্যাচের ৮৭ মিনিটে নাইজেরিয়ার জালে বল জড়িয়ে মেসিদের জয় নিশ্চিত করেন রোহো। খাদের কিনারা থেকে নতুন প্রাণ নিয়ে নকআউটে পৌঁছায় আর্জেন্টিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.