স্পোর্টস ডেস্ক | ২৮ জুন, ২০১৮
বিশ্বকাপ শুরুর আগ থেকেই একের পর এক ইনজুরিতে পড়ছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলাররা। ব্রাজিলের রক্ষণভাগের নির্ভরতার প্রতীক দানি আলভেজ ত ইনজুরির কারণ বিশ্বকাপ স্কোয়াডেই জায়গা করে নিতে পারেন নি; এবার খেলাচলাকালে এই তালিকায় যোগ হলেন আরেক নির্ভরযোগ্য ফুটবলার মার্সেলো।
সার্বিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাত্র ৯ মিনিটের মাথায় ব্যথায় কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মার্সেলো।
কী হয়েছে মার্সেলোর, খেলতে কী পারবেন বিশ্বকাপের বাকি ম্যাচগুলো এমন শঙ্কা ব্রাজিল শিবিরে, একই সঙ্গে সমর্থকদের মনেও।
এমন অবস্থায় ব্রাজিলের ফুটবল ফেডারেশন জানাচ্ছে, মার্সেলো কোমরের ইনজুরিতে পড়েছেন। ঠিক কতদিন লাগবে সারতে এনিয়ে পরিস্কার কিছু জানানো হয় নি। তবে ব্রাজিল দলের পক্ষে দেওয়া সুখবর হলো মার্সেলোর প্রাথমিক চিকিৎসা এবং কিছু ওষুধ নেওয়ায় তার ব্যথা কিছুটা কমেছে।
এনিয়ে ব্রাজিল দলের খেলোয়াড়দের মধ্যে ইনজুরির খাতায় নাম খেলালেন পাঁচজন। নেইমার তো তবুও খেলছেন। সুস্থ হয়ে উঠেছেন ম্যানইউ তে যোগ দিতে যাওয়া ফ্রেড। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলার পর ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন দানিলো। কোস্টা রিকার বিপক্ষে মাঠে নেমেই ইনজুরিতে পড়েছেন ডগলাস কস্তা। তার ফেরার কথা কিছু বলা যাচ্ছে না। আর এবার ইনজুরিতে ব্রাজিলের অন্যতম সেরা তারকা মার্সেলো।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৯ মিনিটের মাথায় ইনজুরিতে পড়েন মার্সেলো। প্রথমে বুঝতে পারেননি। কিন্তু বল পাওয়ার পরে তা নিয়ে দৌড়াতে গিয়ে বুঝতে পারেন নিজের ইনজুরির অবস্থা। এরপর কান্নায় চোখ ভিজিয়ে মাঠ ছাড়েন রিয়ালের লেফটব্যাক মার্সেলো।