স্পোর্টস ডেস্ক | ২৮ জুন, ২০১৮
এইচ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে কলম্বিয়া। ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকলেও নকআউট পর্ব নিশ্চিত করতে হলে এ ম্যাচে ড্র কিংবা জিততে হবে সেনেগালকে। কারণ তাদের সমান পয়েন্ট নিয়ে জাপান আছে শীর্ষে। অন্যদিকে, ১ পয়েন্টে পিছিয়ে থাকা কলম্বিয়ার সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই। এ ম্যাচে জয়ের পাশাপাশি তাদেরকে তাকিয়ে থাকতে হবে পোল্যান্ডের বিপক্ষে জাপানের ম্যাচের দিকে। সামারা অ্যারেনায় কলম্বিয়া সেনেগালের মধ্যকার ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায়।
গ্রুপ এইচ থেকে প্রত্যেকটি দল খেলেছে দুটি করে ম্যাচ। যেখানে এরই মধ্যে দু'ম্যাচেই হেরে আসর থেকে ছিটকে পড়েছে পোল্যান্ড। এখন লড়াই চলছে জাপান, সেনেগাল ও কলম্বিয়ার মধ্যে। যেখানে গোল ব্যবধান ও সমান ৪ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে জাপান ও সেনেগাল।
অন্যদিকে, ১ পয়েন্ট কম নিয়ে কলম্বিয়া আছে ৩ নম্বরে। তাই তৃতীয় ম্যাচটি এই তিন দলের জন্যই আসরে টিকে থাকার লড়াই। আর সে লড়াইয়েই এবার মুখোমুখি হতে যাচ্ছে সেনেগাল ও কলম্বিয়া।
শীর্ষ ষোলো নিশ্চিত করতে হলে সেনেগালের ড্র কিংবা হারাতে হবে কলম্বিয়াকে। অন্যদিকে, কলম্বিয়ার আসরে টিকে থাকতে প্রয়োজন জয়। তবে, দু'দলেরই ভাগ্য নির্ভর করছে জাপান-পোল্যান্ডের ম্যাচের ওপর। কারণ জাপান সে ম্যাচে জিতে গেলে তাদের নকআউট পর্ব নিশ্চিত। সেক্ষেত্রে যেকোন একটি দল যাবে শীর্ষ ষোলোতে।
সেনেগাল আর কলম্বিয়া। দু'দলের এর আগে দেখা হয়েছে মাত্র একবার। তাই দু'দল প্রতিপক্ষ সম্পর্কে একদম অপরিচিত না হলেও অভিজ্ঞতাটা নেহায়েত কমই বলা যায়। তবে, গেলো ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসে পরিপূর্ণ কলম্বিয়া। বিশ্বকাপে সে ম্যাচে প্রথম গোলের দেখা পাওয়া রাদামেল ফ্যালকাও ছাড়াও, গেলো ৭ বিশ্বকাপ ম্যাচে ৬ গোল আর ৪ গোলে সহায়তা করা হামেস রদ্রিগেজরা আছেন ফর্মে। সেই সাথে সাসপেনশন কাটিয়ে দলে ফিরছেন কার্লোস সানচেজ। তাই ম্যাচটিতে ভালো কিছুই অপেক্ষা করছে পেকারম্যানের শিষ্যদের জন্য।
অন্যদিকে, সেনেগালও ছেড়ে কথা বলবে না। দলটির হয়ে ১৫ ম্যাচে গোলের দেখা পাওয়া সাদিও মানে সামনে থেকে নেতৃত্ব দেবেন দলকে। এছাড়া, আফ্রিকার সর্বকণিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে জাপানের বিপক্ষে ম্যাচে গোল পাওয়া মৌসাও অপেক্ষায় থাকবেন এ ম্যাচে জ্বলে ওঠার।