স্পোর্টস ডেস্ক | ২৯ জুন, ২০১৮
৩৬ বছর পর এমন ঘটল বিশ্বকাপে, আফ্রিকার কোন দেশ বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে পারেনি। ১৯৮২ সালের বিশ্বকাপে এমন ঘটেছিল; এরপর গত ৩৬ বছরে আফ্রিকার মরক্কো, ক্যামেরুন, নাইজেরিয়া, সেনেগাল আর ঘানার চমক দেখেছে বিশ্ব। এবারের বিশ্বকাপে আফ্রিকান দেশগুলো পুরোপুরি ব্যর্থ।
২০০২ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল সেনেগাল, ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল ঘানা। কিন্তু এবার সেনেগাল, মিসর, নাইজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো—এই পাঁচ প্রতিনিধির সবাই বিদায় নিল প্রথম রাউন্ড থেকেই!
এবার শেষ ভরসা হিসেবে টিকে ছিল সেনেগাল। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে চলে যেত সেনেগালিজরা। কিন্তু তারা হেরে গেল ১-০ গোলে। বিদায়টাও হলো ফিফার নতুন চালু করা ‘ফেয়ার প্লে’ আইনের মারপ্যাঁচে! গ্রুপ পর্বের তিন ম্যাচে চারটি হলুদ কার্ড দেখেছে জাপান। দুটি হলুদ কার্ড বেশি দেখেছে সেনেগাল। এতেই জাপান টপকে গেল আফ্রিকাকে। নির্দিষ্ট করে বললে এশিয়া টপকে গেল আফ্রিকাকে।
মোট ১৫টি ম্যাচের মধ্যে আফ্রিকান দলগুলোর জয় তিনটিতে। বাকি ১২টিতেই হেরেছে তারা। সেনেগাল-ঘানার আগে ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল রজার মিলার ‘অদম্য সিংহ’ ক্যামেরুন।
রাশিয়ায় আফ্রিকার পতনটা কষ্ট দিচ্ছে আইভরি কোস্ট ও চেলসির সাবেক তারকা দিদিয়ের দ্রগবাকে। তিনি আফ্রিকান ফুটবলকে নতুন করেই সাজাতে বলছেন, ‘আফ্রিকা একদিন সফল হবেই। কিন্তু আমাদের ভাবতে হবে বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে আসার আগে কীভাবে আসা উচিত।’