Sylhet Today 24 PRINT

কাভানির জোড়া গোলে পর্তুগালের বিদায়

ক্রীড়া প্রতিবেদক |  ০১ জুলাই, ২০১৮

এডিনসন কাভানির জোড়া গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে। ৬ জুলাই রাত ৮টায় প্রথম কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ ফ্রান্স।

শনিবার সোচির ফিশৎ স্টেডিয়ামে অষ্টম মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। মাঝ মাঠ থেকে বলের নিয়ন্ত্রণ পেয়ে কিছুটা এগিয়ে মাঠের অন্য প্রান্তে লুইস সুয়ারেজকে পাঠান এডিনসন কাভানি। বাঁ দিক সুয়ারেজের দারুণ ক্রসে ছুটে গিয়ে হেড করে জালে পাঠান পিএসজির এই ফরোয়ার্ড।

পর্তুগাল প্রথমার্ধে গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ক্রিস্টিয়ানো রোনালদোকে ডি বক্সে বল পেতে দেননি দিয়েগো গদিন, হোসে মারিয়া হিমেনেসরা। আতলেতিকো মাদ্রিদের দুই ডিফেন্ডার অকার্যকর করে রাখেন পর্তুগিজ অধিনায়ককে।

৫৫তম মিনিটে পেপের দারুণ হেডে সমতায় ফেরে পর্তুগাল। ছোট করে নেওয়া কর্নার থেকে বল পেয়ে চমৎকার ক্রস করেন রাফায়েল গেরেইরো। অরক্ষিত পেপে হেড করে সারেন বাকি কাজ। এই গোলের মধ্য দিয়ে প্রথমবারের মতো উরুগুয়ের জালে প্রবেশ করে বল।

ম্যাচের ৬২তম মিনিটে পেপের হেড থেকে বল পেয়ে রদ্রিগো বেন্তানকুর বল বাড়ান কাভানিকে। পিএজসি ফরোয়ার্ড ডি-বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন।

ম্যাচের শেষ দিকে কিছুটা চোট পেয়ে রোনালোদোর কাধে ভর করে মাঠ থেকে নামেন এডিনসন কাভানি। পর্তুগাল শেষ দিকে একের পর এক আক্রমণ করলে তা কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারে নি।

প্রসঙ্গত, দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বিদায় নিলেন ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদো। এর আগে দিনের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মেসির আর্জেন্টিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.