ক্রীড়া প্রতিবেদক | ০১ জুলাই, ২০১৮
এই সময়ের তো বটেই, সর্বকালের সেরাদের মধ্যেই থাকবে তাদের দুজনের নাম। তারা লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ান রোনালদো। পায়ের যাদুতে জয় করে নিয়েছেন পুরো ফুটবল বিশ্ব। কী পাননি জীবনে! কেবল একটাই আফসোস ছিলো, বিশ্বকাপটা হাতে নেওয়া। যা হয়নি একবারও।
সেই অধরা স্বপ্ন পূরণে এবার বিশ্বকাপে এসেছিলেন দুজনেই। নিজেদের দেশও তাকিয়েছিলো তাদের দুজনের উপর। নিজেদের নৈপুণ্যে দেশকে প্রথম রাউন্ডের গণ্ডিও পার করিয়েছিলেন তারা।
অথচ কী দূর্ভাগ্য এই একইদিনে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ফুটবলের এই দুই গ্রেটকে। মেসি-রোনালদোর সাথে শনিবার বিদায় ঘটে আর্জেন্টিনা আর পর্তুগালেরও।
প্রথমে পথটা দেখান মেসি। শনিবার দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচেই ফ্রান্সের সাথে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। সেই সাথে বিদায় নিতে হয় ফুটবলের দু:খী রাজপুত্র মেসিকেও।
রাতে দ্বিতীয় রাউন্ডের অপর খেলায় উরুগুয়ের সাথে ২-১ গোলে হেরে যায় পর্তুগাল। বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন রোনালদোও।
মেসির বয়স এখন ৩১ আর রোনাদলো ৩৩। আগামী বিশ্বকাপে কি খেলবেন তারা? নাকি এটাই শেষ বিশ্বকাপ হয়ে গেলো?
তাহলে ফেরেঙ্ক পুসকাস কিংবা ইয়োহান ক্রুয়েফের ভাগ্য লিওনেল মেসি আর ক্রিশিয়ান রোনালদোকেও মেনে নিতে হবে? প্রশ্নবোধক চিহৃটা মোটেও শক্তিশালী নয়। কাতার বিশ্বকাপে আসতে আসতে মেসি পা রাখবেন ৩৫ এ আর রোনালদো ৩৭ এ। তখনো কি তাদের দেখা যাবে নিজ দলের জার্সিতে? এই প্রশ্নের জবাব পাওয়া বহু দূরের পথ।
তবে গুঞ্জন চলছে, অবসর যাচ্ছেন দুজনই। বিশ্বকাপটা তাহলে জেতাই হলো না তাদের!