স্পোর্টস ডেস্ক | ০১ জুলাই, ২০১৮
ক্রোয়েশিয়ার কোচ জ্বলাতকো দালিচের আশা রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল পুরস্কারটি যেন তার শিষ্য লুকা মদ্রিচের হাতেই ওঠে।
গত বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকে আর্জেন্টিনা ছিটকে পড়ায় মেসির গোল্ডেন বল পাওয়ার সুযোগ আর নেই।
আর চার ম্যাচে মাত্র এক গোল পেয়েছেন মেসি। আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকেও গোল আদায় করে নিতে পারেননি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ছিলেন নিজের ছায়া হয়ে। নাইজেরিয়ার বিপক্ষে একটি গোল করলেও ফ্রান্সের বিপক্ষে প্রত্যাশিতভাবে জ্বলে উঠতে পারেননি মেসি।
গোল্ডেন বল প্রসঙ্গ ওঠে ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচ চলাকালেই ক্রোয়েশিয়ার সংবাদ সম্মেলনে। সেখানেই নিজের চাওয়াটা জানান ক্রোয়েশিয়ার কোচ।
তিনি বলেন, এটা এবার মেসি পাবে না; কেননা এ মুহূর্তে তারা ৪-২ গোলে পিছিয়ে আছে। এটা যদি মদ্রিচ পায়, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব। সে এটা পাওয়ার মানে হবে আমরা গুরুত্বপূর্ণ কিছু করেছি। আমার আশা সে পাবে।
আইসল্যান্ড, নাইজেরিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের তিন ম্যাচে দারুণ খেলার কারণে প্রশংসিত হচ্ছেন লুকা মদ্রিচ। নিজনি নভগোরোদে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে দুর্দান্ত গোল করেছিলেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।
রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ডেনমার্কের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।