Sylhet Today 24 PRINT

‘নতুন নেতা’ ইসকোর দিকে তাকিয়ে স্পেন

স্পোর্টস ডেস্ক |  ০১ জুলাই, ২০১৮

স্পেনের নতুন নেতা হয়ে উঠেছেন ইসকো। এই বিশ্বকাপে এখন পর্যন্ত স্পেনের সব ম্যাচে প্রতিটি মিনিট খেলেছেন। মরক্কোর বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে গোলও করেছেন। সার্জিও রামোস, জেরার্ড পিকে, ডেভিড সিলভাদের মতো অভিজ্ঞরা থাকার পরে মাঠে ও ড্রেসিংরুমে অঘোষিত নেতাও হয়ে উঠেছেন।

রাশিয়ার বিপক্ষেও এই ইসকোকেই চাইবেন সতীর্থরা। তাঁকে কেন্দ্র করেই জয় তুলে নিতে চাইবে স্প্যানিশরা। মাঝমাঠে থেকে আক্রমণভাগ সুনিপুণ দক্ষতায় সামলে চলছেন তিনি। কোয়ার্টার ফাইনালে যাবার পথে রাশিয়া বাঁধা সহজেই উতরে যেতে পারবে রামোস-ইনিয়েস্তারা-কস্তারা, যদি ইসকো জ্বলে উঠতে পারেন।

স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহাল তো বলেই ফেললেন, ‘ও (ইসকো) দারুণ এক বিশ্বকাপ কাটাচ্ছে। ইতিমধ্যে সে আমাদের একজন নেতা হয়ে উঠেছে। আমাদের হাত থেকে যখন ম্যাচের লাগাম ছুটে যায়, সেই নেতৃত্ব দেয় এবং পথ দেখায়। আমার মনে হয় না ওর এর চেয়ে বেশি কিছু করার দরকার আছে।’

স্পেনের নতুন কোচ ফার্নান্দো হিয়েরো বেশ কয়েক বছরের অবসর জীবন কাটিয়ে তখন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর পদে যোগ দিয়েছেন। শুনলেন ভ্যালেন্সিয়ার একাডেমিতে একটা ১৫ বছর বয়সী ছেলে আছে। দারুণ প্রতিভাবান। স্পেনের বয়সভিত্তিক দলে তাঁকে খেলানো যায় কি না, সেটা দেখতেই হিয়েরো গেলেন একদিন ভ্যালেন্সিয়া যুব দলের অনুশীলনে।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে কেমন লেগেছিল সেই ছেলেটাকে সেটিই বলেছেন স্পেনের বর্তমান কোচ হিয়েরো। তিনি বলেন, সাধারণত এসব ক্ষেত্রে যা হয়, অন্যদের মুখে কথা শুনে গিয়ে দেখার পর মনে হয়, কিসের প্রতিভা! কিন্তু সেদিন আমি ছেলেটাকে ১০ মিনিট খেলতে দেখেই চলে এসেছিলাম। আমার আর কিছু দেখার দরকার ছিল না। কী এক অসাধারণ প্রতিভা, সেটা আমি ওইটুকু দেখেই বুঝেছিলাম।

১৫ বছর বয়সী সেই ছেলেটার নাম ফ্রান্সিসকো রোমান অ্যালারকন সুয়ারেজ। ফুটবল বিশ্ব এখন যাঁকে চেনে ইসকো নামে। ভ্যালেন্সিয়া থেকে মালাগা হয়ে রিয়াল মাদ্রিদ আলোকিত করেছেন। আলো ছড়িয়ে যাচ্ছেন স্পেনের বয়সভিত্তিক দল থেকে মূল দলে এসেও। হিয়েরো যাঁকে ১০ মিনিট দেখেই মুগ্ধ হয়েছিলেন, ৯ বছর পর সেই ছেলেটাই এখন বিশ্বকাপ খেলছেন হিয়েরোর অধীনে। আর ইসকো রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত স্পেনের সেরা পারফরমারদের একজনও।

মালাগা থেকে রিয়ালে আসার পর যখনই সুযোগ পেয়েছেন, আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন। কিন্তু কী এক আশ্চর্য কারণে কার্লো আনচেলত্তি বা জিনেদিন জিদান—কারও অধীনেই নিয়মিত হয়ে উঠতে পারেননি একাদশে। বদলি নামতে নামতে হতাশ আর বিরক্ত ইসকোকে আত্মবিশ্বাস দিলেন হুলেন লোপেতেগি। রিয়ালে একাদশে নিয়মিত হতে না পারলেও স্পেনের হয়ে তাঁকে বেশ ভালো সুযোগ দিয়েছেন লোপেতেগি।

কৃতজ্ঞতা প্রকাশ করতে গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যাটট্রিকই করে ফেললেন ইসকো। ওই ম্যাচের পরই অভিমানে বলেছিলেন, আমি আর কীভাবে রিয়াল কোচের (জিদান) মন জয় করতে পারব জানি না। এখানে লোপেতেগি আমার ওপর যেটুকু আস্থা রাখেন, আশা করছি একদিন জিদানও সেই আস্থা রাখবেন।

কী অদ্ভুত ব্যাপার! মৌসুম শেষ হতেই রিয়ালের দায়িত্ব ছেড়ে দিলেন জিদান। আর বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন শোনা গেল, লোপেতেগিই পাচ্ছেন সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্ব। এটা শুনে স্পেন ফুটবল ফেডারেশনও তাৎক্ষণিকভাবে লোপেতেগিকে বরখাস্ত করে দায়িত্ব দিল ফার্নান্দো হিয়েরোকে।

এতে সবচেয়ে বেশি লাভ বোধ হয় ইসকোরই হলো। রিয়ালে এমন একজনকে কোচ হিসেবে পেলেন, যিনি তাঁর ওপর অগাধ আস্থা রাখেন। আর জাতীয় দলের কোচ তো অনেক আগে থেকেই তাঁর গুণমুগ্ধ।

জাভি নেই, ইনিয়েস্তার বিদায় আসন্ন। বুসকেটস ঠিক ওই অর্থে নেতা নন। স্পেন দলের মাঝমাঠের নেতৃত্বটা আসলে আগামী দিনে ইসকোর কাছেই যাবে। কে জানে, রামোস-পিকেদের অবসরের পর অধিনায়কের বাহুবন্ধনীটাও তাঁর হাতে উঠে কি না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.