স্পোর্টস ডেস্ক | ০২ জুলাই, ২০১৮
স্পেনের জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা।
বিশ্বকাপের শেষ ষোলোয় স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হারের পর জাতীয় দলের জার্সি খুলে রাখার সিদ্ধান্তটা জানিয়ে দেন ইনিয়েস্তা। স্পেনের জার্সিতে ১৩১ ম্যাচ খেলা কিংবদন্তি এই মিডফিল্ডার।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘স্পেনের জার্সিতে এটাই আমার শেষ ম্যাচ। অসাধারণ এক অধ্যায়ের সমাপ্তি হলো। যেভাবে শেষ করার স্বপ্ন দেখেন অনেক সময় তা নাও হতে পারে।’
২০০৬ সালে স্পেনের জার্সিতে অভিষেক হয় ইনিয়েস্তার। ২০১০ বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোলটা করেছিলেন তিনি। ওই গোলটার জন্যই বিশ্বকাপ ঘরে তুলতে পেরেছিল স্পেন।
দক্ষিণ আফ্রিকায় সেই বিশ্বকাপের আগে ও পরে দুটি ইউরো জয়েও দারুণ ভূমিকা রেখেছিলেন গত এক যুগের অন্যতম সেরা এই মিডফিল্ডার।
রাশিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ইনিয়েস্তাকে প্রথম একাদশে খেলাননি স্পেন কোচ ফার্নান্দো হিয়েরো। তাকে মাঠে নামান ৬৫ মিনিটের পর। স্পেন রাশিয়ার কাছে হারে টাইব্রেকারে।