Sylhet Today 24 PRINT

ব্রাজিল-ইংল্যান্ড ফাইনাল দেখছেন ম্যাথাউস

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৮

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব আর শেষ ষোলোর খেলা সবে শেষ হলো। তার মানে ফাইনালের আগে এখনো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পড়ে আছে। তবে লোথার ম্যাথাউস এখনই ফাইনালের একটা চিত্র একেঁ ফেললেন। জার্মান কিংবদন্তি মনে করছেন, রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলবে ইংল্যান্ড ও ব্রাজিল।

ইতালিতে ১৯৯০ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানির শিরোপা জয়ী দলের অধিনায়ক ছিলেন ম্যাথাউস। তিনি মনে করেন, ইংল্যান্ড শনিবার কোয়ার্টার ফাইনালে সুইডেনকে ও সেমিফাইনালে রাশিয়া অথবা ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠবে।

২৮ বছর আগে তুরিনের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ম্যাথাউস। যেখানে ম্যাথাউসের পশ্চিম জার্মানির কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিল ববি রবসনের ইংল্যান্ড।

এরপর ‘থ্রি লায়নস’রা কখনো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি। রাশিয়ায় গ্যারেথ সাউথগেটের দলের সামনে সেই সুযোগ দেখছেন ম্যাথাউস।

৫৭ বছর বয়সি ম্যাথাউস জার্মান ট্যাবলয়েড বিল্ডকে বলেছেন, ‘ব্রাজিল বনাম ইংল্যান্ড ফাইনাল আশা করছি আমি। কারণ, ব্রাজিলের ড্র হিসেবে ফ্রান্স ও বেলজিয়াম একইরকম দল এবং তারা উভয়েই ছিটকে যাবে।’

ইংল্যান্ড দল উচ্চমানের ফুটবল খেলছে বলে মনে করেন জার্মান কিংবদন্তি, ‘ইংল্যান্ডের তরুণ দলটা দ্রুতগতির ও উচ্চমানের ফুটবল খেলছে। হ্যারি কেনের মতো দারুণ একজন স্ট্রাইকার তাদের দলে আছে। নিজেদের সামর্থ্যের প্রতি তাদের বিশ্বাসটাও বিশাল মনে হচ্ছে।’

ম্যাথাউস ইংল্যান্ড কোচ সাউথগেটেরও প্রশংসা করেছেন, ‘দলটা ভয়ডরহীন এবং দারুণ একজন কোচের থেকে লাভবান হচ্ছে, যিনি প্রিমিয়ার লিগেও তাদের সঙ্গে কাজ করেছেন।’

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ফাইনালে খেলতে হলে শুক্রবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ও সেমিফাইনালে ফ্রান্স অথবা উরুগুয়েকে হারাতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.