Sylhet Today 24 PRINT

ক্ষমা চাইলেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৮

অনেকে মনে করেন ম্যারাডোনা আর বিতর্ক এযেন সমার্থক শব্দ। বাস্তবেও এর সাথে রয়েছে অনেক মিল। নিয়মিতই আলোচনায় থাকেন বিতর্কিতভাবে সর্বকালের সেরা এই ফুটবলার। রাশিয়া বিশ্বকাপে ফিফার শুভেচ্ছাদূত হিসেবে মাঠে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

কিন্তু এবারো গ্যালারিতে বসে ডিয়েগো ম্যারাডোনা জন্ম দিচ্ছেন শুধুই বিতর্কের। ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচ নিয়ে বিতর্কিত মন্তব্য করে এরই মাঝে ফিফার ‘তীব্র ভর্ৎসনা’ শুনেছেন। নিজের সেই মন্তব্যের জন্য এবার ক্ষমা চাইলেন আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ভেনিজুয়েলান ব্রডকাস্টার টেলেসারকে ম্যারাডোনা বলেছিলেন, ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচের ফলটা ‘বিশাল এক ডাকাতি’। ফিফা এই মন্তব্যের প্রতিবাদ করে ম্যারাডোনা ভর্ৎসনা জানিয়ে বলেছিল, তার থেকে এরকম মন্তব্য আশা করেনি তারা।

ম্যারাডোনা এখন নিজেই বলছেন, বিশ্বকাপের ম্যাচ নিয়ে তার ওরকম মন্তব্য করা উচিত হয়নি, ‘আমি কলম্বিয়ার ভক্ত। ওই ম্যাচের পর অতি আবেগে ওসব কথা বলে ফেলেছিলাম। আমি নিজের ভুল মানছি, ওই কথাগুলো বলা একদম উচিত হয়নি। আমি ফিফা ও এর প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাচ্ছি। যদিও রেফারির সিদ্ধান্ত নিয়ে আমার ভিন্নমত আছে, তাও আমি রেফারিদের সমান করি। এই কাজটা মোটেও সহজ না।’

এর আগে নাইজেরিয়া-আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে ম্যারাডোনা গ্যালারিতে অশালীন অঙ্গভঙ্গি দেখিয়ে আলোচনায় এসেছিলেন। আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে গ্যালারিতে বসে ধূমপান করে পরে ক্ষমা চেয়েছেন।

ম্যারাডোনার এমন বেফাঁস মন্তব্য নতুন কিছু নয়। এখন দেখার বিষয় নিজের ভুল স্বীকার করা ম্যারাডোনা ভবিষ্যতে আবার কোন বিতর্কের জন্ম দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.