Sylhet Today 24 PRINT

উপভোগ্য ম্যাচ, বললেন তিতে

স্পোর্টস ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৮

বেলজিয়ামের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ সম্পর্কে ব্রাজিলের কোচ তিতে বলেছেন, উপভোগ্য ম্যাচ হয়েছে কাজান অ্যারেনায়, ফুটবলপ্রেমীদের জন্য ‘আনন্দদায়ক’ এক ম্যাচ এটা।

শুক্রবার রাতে কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

তিতে বলেন, সব ধরনের কষ্টই আমি এ মুহূর্তে অনুভব করছি; কিন্তু যদি আপনি ফুটবল পছন্দ করেন, ম্যাচটা দেখে থাকেন, তাহলে এটা আপনাকে আনন্দ দিবে। আপনি যদি নিরপেক্ষ হয়ে ম্যাচটা দেখতে পারেন তাহলে আপনিও বলবেন-কী দারুণ ম্যাচ! ফুটবল ভালোবাসা যে কেউ এটাকে সুন্দর একটা ম্যাচ হিসেবে দেখবে।

ফের্নান্দিনিয়োর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া ব্রাজিল আরও কোণঠাসা হয়ে পড়ে ৩১তম মিনিটে কেভিন ডে ব্রুইনের গোলে। ৭৬তম মিনিটে রেনাতো আউগুস্তোর হেডে ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি তাদের। ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করেও বেলজিয়াম গোলরক্ষক থিবো কর্তোয়ার দেয়াল ভাঙতে না পারায় হতাশ তিতে।

“আমি মনে করি এটা একটা দারুণ ম্যাচ ছিল। আমরা অনেক বল পজেশন, অনেক সুযোগ এ ম্যাচে পেয়েছিলাম কিন্তু সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বেলজিয়াম আমাদের চেয়ে বেশি কার্যকর ছিল। তাদের শীর্ষ মানের খেলোয়াড় আছে এবং তারা ফিনিশিংটা ভালোভাবে করল।”

“বেলজিয়ামের গোলরক্ষক মূল পার্থক্যটা গড়ে দিয়েছিল। এটা ছিল চমৎকার কৌশলগত মানসম্পন্ন দুটি দলের মধ্যে দারুণ একটা ম্যাচ।”

নিজের ভবিষ্যৎ নিয়ে তিতের বক্তব্য, এখনই আমি আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলব না। আমি এখনও ম্যাচটা নিয়ে ভাবছি, তাই ভবিষ্যৎ নিয়ে বলার এটা সঠিক সময় নয়। সময়ই বলে দেবে। দুই সপ্তাহ পর যখন সবকিছু স্থির হবে, তখন ঠাণ্ডা মাথায় এ নিয়ে আলোচনা করাটাই উত্তম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.