Sylhet Today 24 PRINT

নেইমার প্রত্যাশা মিটাতে ব্যর্থ: মুনিয়েরও

স্পোর্টস ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে দিয়েছে বেলজিয়াম। শুক্রবার রাতে সেলেকাওদের ২-১ গোলে হারায় বেলজিয়াম। এম্যাচে নেইমার প্রত্যাশা মিটাতে ছিলেন ব্যর্থ। বেলজিয়াম রক্ষণে কাঁপন ধরাতে পারেননি তিনি। বেলজিয়ামের ডিফেন্ডার টমাস মুনিয়ের বলেছেন, নেইমারের কাছে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলেন তিনি।

ফার্নান্দিনহোর আত্মঘাতী গোল ও কেভিন ডি ব্রুইনের গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে একটি গোল পরিশোধ করেন রেনাতো অগাস্তো। মুনিয়ের খেলেছেন রাইট উইং ব্যাক পজিশনে। সরাসরি নেইমারের বিপরীতে। দুজনে আবার খেলেন একই ক্লাব পিএসজিতে।

ম্যাচ শেষে মুনিয়ের নেইমারকে নিয়ে বলেন, ‘আমি এটি প্রত্যাশা করিনি। আমি আরো কঠিন কিছু আশা করেছিলাম। কিন্তু আমরা দলগতভাবে সংঘবদ্ধ ছিলাম।’

নিজেদের ডিফেন্স নিয়ে মুনিয়ের বলেন, ‘আমি সব সময় মারুয়ানে ফেলাইনি ও টবি অ্যালডারউইয়ারল্ডের কাছ থেকে সাহায্য পেয়েছি। আমরা সব সময় তার (নেইমার) উপর নজর রেখেছি। কুতিনহোর উপর ও মার্সেলোর উপরও এবং আমরা সত্যিই কাজগুলো দারুণভাবে সম্পন্ন করেছি। রক্ষণভাগে নিজেদের কাজের জন্য আমি মনেকরি আমরা নিজেদেরকে নিজেরা অভিনন্দন জানাতে পারি।’

১৯৮৬ বিশ্বকাপের পর এবারই প্রথম সেমি ফাইনালে উঠল বেলজিয়াম। ফাইনালে উঠার পথে যাদের প্রতিপক্ষ ফ্রান্স। মুনিয়ের অবশ্য সেই ম্যাচ খেলতে পারবেন না টানা দুই ম্যাচ হলুদ কার্ড দেখায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.